২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদে প্রথম 'অনুসন্ধান যান' পাঠাল জাপান

চাঁদে প্রথমবারের মতো 'অনুসন্ধান যান' পাঠাল জাপান। শুক্রবার জাপানের স্থানীয় সময় সকাল ১০টা ৩১ মিনিটে তানেগাশিমা দ্বীপ থেকে একটি রকেটে করে 'সেলিনে' নামের ওই অনুসন্ধান যানটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। প্রায় কয়েক দশক আগে যুক্তরাষ্ট্রের এপোলো'র চাঁদ অভিযানের পর এটাই মহাকাশ বিজ্ঞানীদের সবচেয়ে জটিলতম চাঁদ অভিযান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 09:58 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

টোকিও, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চাঁদে প্রথমবারের মতো 'অনুসন্ধান যান' পাঠাল জাপান। শুক্রবার জাপানের স্থানীয় সময় সকাল ১০টা ৩১ মিনিটে তানেগাশিমা দ্বীপ থেকে একটি রকেটে করে 'সেলিনে' নামের ওই অনুসন্ধান যানটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। প্রায় কয়েক দশক আগে যুক্তরাষ্ট্রের এপোলো'র চাঁদ অভিযানের পর এটাই মহাকাশ বিজ্ঞানীদের সবচেয়ে জটিলতম চাঁদ অভিযান। উৎক্ষেপণের ৪৫ মিনিট পর রকেটটি থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা অনুসন্ধান যানটির। রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে দুবার পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ করবে সেলিনে। এরপর প্রায় ৩,৮০,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে এটি চাঁদে পৌঁছবে। জাপানি রূপকথায় চাঁদের রাজকুমারীর নামে এ চাঁদ অভিযানের নামকরণ করা হয়েছে কাগুয়া। জাপানের এ কাগুয়া অভিযানে মূল অনুসন্ধান যান সেলিনের সঙ্গে থাকছে আরও দুইটি ছোট উপগ্রহ। এসব উপগ্রহে ১৪টি পর্যবেক্ষক যন্ত্র রয়েছে। চন্দ্রপৃষ্ঠ, সেখানকার মাধ্যাকর্ষণ এবং চাঁদের সৃষ্টি ও বিবর্তন বিষয়ে তথ্য সংগ্রহ করবে কৃত্রিম উপগ্রহের এসব পর্যবেক্ষক যন্ত্র। চাঁদ থেকে পৃথিবীর সূর্যোদয়ের দৃশ্য ধারণ করার জন্য একটি অত্যন্ত শক্তিশালী টেলিভিশন ক্যামেরাও সঙ্গে নিয়েছে সেলিনে। ওই ক্যামেরা থেকে ধারণ করা সূর্যোদয়ের দৃশ্য পৃথিবীতে পাঠিয়ে দেবে সেলিনে। আর জ্বালানি শেষ হয়ে না যাওয়া পর্যন্ত প্রায় একবছর চাঁদের কক্ষপথে থাকবে অনুসন্ধান যান সেলিনে। জাপানি বিজ্ঞানীরা জানিয়েছেন, অনুসন্ধান যান সেলিনে তৈরী করা হয়েছে চন্দ্রপৃষ্ঠের ভূ - তাত্ত্বিক গবেষণা এবং প্রকৌশল গবেষণার জন্য। এ অভিযানে প্রায় ৪৭ কোটি ৯২ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে বলেও জানান তারা। সফলভাবে সেলিনে'র উৎক্ষেপণ সম্পর্কে জাপানের মহাকাশ সংস্থা 'জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি' (জাক্সা) তাদের ওয়েবসাইটে বলেছে,"প্রথম ধাপের ইঞ্জিন স্বাভাবিকভাবেই কাজ করছে।" এখন পর্যন্ত কখনোই মানুষসহ চাঁদ অভিযানের চেষ্টা চালায়নি জাপান। তবে জাক্সা জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর কথা ভাবছে তারা। চাঁদ থেকে পৃথিবীর থ্রিডি ছবি তুলতে সক্ষম একটি কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে চীন। এ বছরের শেষ নাগাদ চীনের ওই অভিযান শেষ হওয়ার কথা। এছাড়া ২০১০ সালের মধ্যে চাঁদে নামার জন্য আরেকটি যান পাঠানোর কথা রয়েছে চীনের। এদিকে, ভারতও ২০০৮ সালের মধ্যে চাঁদের কক্ষপথে একটি অনুসন্ধান যান পাঠাচ্ছে। স্থানীয়ভাবে তৈরী রকেটের সাহায্যে ওই উপগ্রহ পাঠানোর চিন্তা করছে ভারত। ২০২০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোরও পরিকল্পনা রয়েছে দেশটির। চাঁদে অভিযানের দৌড়ে বসে থাকছে না যুক্তরাষ্ট্র্ও। আগামী বছর আবারও চাঁদে উপগ্রহ পাঠাচ্ছে দেশটি। বিডিন্জিু টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৪৫ ঘ.