২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামি সতর্কতা তুলে নিয়েছে ইন্দোনেশিয়া ও ভারত

দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূল থেকে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়া ও ভারত সরকার সুনামি সতর্কতা জারির কয়েক ঘন্টা পর তা প্রত্যাহার করে নিয়েছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বুধবার বড় ধরনের ভূমিকম্পের পর ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত বিভিন্ন দেশ সুনামি সতর্কতা জারি করে। বুধবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে প্রথমে ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। এর কয়েক ঘন্টা পর একই এলাকায় দ্বিতীয়বার আবার ভূমিকম্প হয়। তবে রিখটার স্কেলে এটির মাত্রা ছিল কম। ইন্দোনেশিয়ার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন ভূমিকম্পে নয়জন মারা গেছে। আহত হয়েছে শতাধিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 03:35 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

জাকার্তা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকূল থেকে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়া ও ভারত সরকার সুনামি সতর্কতা জারির কয়েক ঘন্টা পর তা প্রত্যাহার করে নিয়েছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বুধবার বড় ধরনের ভূমিকম্পের পর ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত বিভিন্ন দেশ সুনামি সতর্কতা জারি করে। বুধবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে প্রথমে ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। এর কয়েক ঘন্টা পর একই এলাকায় দ্বিতীয়বার আবার ভূমিকম্প হয়। তবে রিখটার স্কেলে এটির মাত্রা ছিল কম। ইন্দোনেশিয়ার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন ভূমিকম্পে নয়জন মারা গেছে। আহত হয়েছে শতাধিক। প্রথমবার ভূমিকম্পের পর ইন্দোনেশিয়া সুনামি সতর্কতা জারি করে। দ্বিতীয়বার আবার ভূমিকম্প হলে তারা দ্বিতীয় সতর্কতা জারি করে। এরপরই সুনামি আতঙ্ক ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়াসহ গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায়। ভারত মহাসাগরের উপকূল জুড়ে অন্যান্য দেশও সুনামি সতর্কতা জারি করে। যদিও কয়েক ঘন্টা পর সব দেশই সতর্কতা প্রত্যাহার করে নেয়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগ তাদের ওয়েব সাইটে প্রথমিকভাবে জানায় আট মাত্রার ভূমিকম্প হয়েছে। এর কিছুক্ষণ পরে তারা আবার জানায়, আগের স্থানের সামান্য দূরে আরেকটি ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। প্রথমে একটি ভূমিকম্পের খবর জানানোর কিছুক্ষণ পরই আরেকটি ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এ খবরে একজন নিহত হওয়ার কথা জানানো হয়। ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ভূমিকম্প আঘাত হানে বলে সে দেশের আবহাওয়া অফিস জানায়। এরপরই 'প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার' ভারত মহাসাগরে সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ ভারত মহাসাগরের উপকূল সংলগ্ন বিভিন্ন দেশের কর্তৃপক্ষও সতর্কতা জারি করে। ইন্দোনেশিয়ার আবহাওয়া সতর্কীকরণ সংস্থার এক কর্মকর্তা জানান, সুনামি হতে পারে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত মহাসাগরে এক থেকে তিন মিটার উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে বলে তারা জেনেছেন। দেশটির আবহাওয়া অধিদপ্তর ভূকম্পন বিভাগের পরিচালক মোহাম্মদ ওসাইদি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এরইমধ্যে ইন্দোনেশিয়ার প্যাদাং এ এক থেকে তিন মিটার উচ্চতার সুনামি চিহ্নিত করা গেছে। আমরা এখন এর গতি প্রবাহ লক্ষ করছি। ইন্দোনেশিয়ার গ্লোবাল টিভি জানায়, ভূমিকম্পের ফলে পশ্চিম সুমাত্রার রাজধানী প্যাদাং এর অনেক ভবন বিধ্বস্ত হয়েছে। অবরুদ্ধ ওই শহরের অনেক ভবনে আগুন জ্বলছে বলে তারা জানায়। ভূমিকম্প অনুভূত হওয়ার পর জাকার্তার অনেক অফিস খালি করে ফেলা হয়। জাকার্তার কেন্দ্রস্থলে একটি ব্যাংকের প্রযুক্তি কর্মকর্তা ওয়াইদুস্তিতি বলেন, "আমি নামাজ পড়ছিলাম। নামাজ শেষ করেই বুঝতে পারি ভূমিকম্প হচ্ছে। ভয় পেয়ে দ্রুত ভবন থেকে বের হওয়ার জন্য দৌড়াতে থাকি।" সিঙ্গাপুর ও থাইল্যান্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে সেখানকার মানুষ জানিয়েছে। ভারত সরকার আন্দামান দ্বীপে সুনামি সতর্কতা জারি করে। মালেশিয়া সকলকে সমুদ্র সৈকত থেকে থাকার নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩২০