২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট এস্ত্রাদার যাবজ্জীবন

দুর্নীতির দায়ে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি দুর্নীতিবিরোধী আদালত বুধবার এ রায় দেয়। এস্ত্রাদা ২০০১ সালে সেনা-সমর্থিত এক গণ-বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন। সেই থেকে গত ছয় বছরের অধিকাংশ সময় তিনি রাজধানী ম্যানিলার বাইরে অবস্থিত তার বিলাসবহুল বাসভবনে গৃহবন্দি হয়ে দিন কাটিয়েছেন । বুধবারের রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারও সাবেক এ চিত্রতারকাকে গৃহবন্দি জীবনে ফিরে যেতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 06:50 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ম্যানিলা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) -দুর্নীতির দায়ে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি দুর্নীতিবিরোধী আদালত বুধবার এ রায় দেয়। এস্ত্রাদা ২০০১ সালে সেনা-সমর্থিত এক গণ-বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন। সেই থেকে গত ছয় বছরের অধিকাংশ সময় তিনি রাজধানী ম্যানিলার বাইরে অবস্থিত তার বিলাসবহুল বাসভবনে গৃহবন্দি হয়ে দিন কাটিয়েছেন । বুধবারের রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারও সাবেক এ চিত্রতারকাকে গৃহবন্দি জীবনে ফিরে যেতে হবে। কারাগারে যেতে হলে তার নতুন ঠিকানা হবে দক্ষিণ ম্যানিলার নিউ বিলিবিড কারাগার। সেখানে প্রায় ২০ হাজার বন্দি রয়েছেন। নিউ বিলিবিড কারাগারের সুপারিনটেনডেন্ট হুয়ানিতো লিওপান্ডো বলেন, "অতীতে আমাদের এখানে অনেক 'হাই- প্রোফাইল' বন্দি ছিল। তাই আমরা সাবেক প্রেসিডেন্টকে স্বাগত জানাতে প্রস্তুত।" আদালতের রায়ে এস্ত্রাদা প্রায় আট কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ আত্মস্যাৎ করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এছাড়া আদালত তাকে একটি বাসভবন ছেড়ে দেওয়ার এবং এক কোটি ৫৫ লাখ মার্কিন ডলারের বেশি টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছে। তবে শপথ ভঙ্গের অভিযোগ থেকে খালাস পেয়েছেন এস্ত্রাদা। এছাড়া তার ছেলে জিঙ্গয় দুর্নীতির অভিযোগ থেকে খালাস পেয়েছেন। এদিকে, এস্ত্রাদা আদালতের রায় প্রত্যাখ্যান করে একে 'ক্যাঙ্গারু আদালতের' (প্রহসনমূলক আদালত) মাধ্যমে হাসিল করা রাজনৈতিক সিদ্ধান্ত হিসাবে অভিহিত করেছেন। মামলার রায় ঘোষণা উপলক্ষে বুধবার রাজধানী ম্যানিলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। আদালত প্রাঙ্গন থেকে অনেক দূরে আটকে রাখা হয় তার সমর্থকদের। প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়োর একজন মুখপাত্র সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আইন বিশেষজ্ঞরা বলেছেন, ফিলিপাইনে যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ সর্বোচ্চ ৪০ বছর কারাদণ্ড। তবে দুর্নীতিবিরোধী আদালত এস্ত্রাদার যাবজ্জীবনের মেয়াদ কত দীর্ঘ হবে রায়ে তা সুনির্দিষ্ট করে উল্লেখ করেনি। যদিও আদালত বলেছে, এস্ত্রাদার দণ্ডাদেশ থেকে যে ছয় বছর তিনি গৃহবন্দি থেকেছেন তা কাটা যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২০০ ঘ.