সিডনি, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এপেক সম্মেলনে বিশ্ব উষ্ণায়ন রোধ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধের কারণে এ ইসুতে অচলবস্থা সৃষ্টি হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে 'সিডনি ঘোষণায়' কি থাকবে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমণের হার কমানোর লক্ষ্যমাত্রা কত ধরা হবে-- তা নিয়ে নেতারা একমত হতে পারেননি। অন্যদিকে, অবাধ বিশ্ব বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে নেতারা একমত হয়েছেন। এ সংক্রান্ত আলোচনা গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছেন তারা।
সম্মেলনে জলবায়ূ পরিবর্তন নিয়ে আলোচনায় চীনের প্রেসিডেন্ট হু জিনতাও অস্ট্রেলিয়ার বিশ্ব উষ্ণায়ন রোধের উদ্যোগকে সমর্থন দিয়েছেন। কিন্তু কয়েকটি উন্নয়নশীল দেশ এপেক সম্মেলনে জলবায়ূ পরিবর্তনকে মূল আলোচ্য বিষয় করার জন্য যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সমালোচনা করেছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে হু বলেন, "তিনি চান বিশ্ব উষ্ণায়ন রোধে জাতিসংঘ পদক্ষেপ নিক।"
অন্যদিকে, মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রী রাফিদাহ আজিজ বলেন, "গ্রিনহাউস গ্যাস নির্গমণ হ্রাসের বিষয়টি নিয়ে এপেকের মাথা ঘামানো উচিত নয়।" তিনি বলেন, "এটি জলবায়ূ পরিবর্তন নিয়ে কথা বলার জায়গা নয়। আর আমারা এও চাইনা যে কয়েকটি দেশকে টার্গেট করে লোকজন জলবায়ু পরিবর্তন ইসুকে কাজে লাগাক বা কয়েকটি দেশের ওপর দিয়ে জলবায়ূ পরিবর্তন রোধে ভূমিকা রাখার চাপ যাক।"
মালয়েশিয়ার মতো ফিলিপাইন এবং ইন্দোনেশিয়াও বিশ্ব উষ্ণায়নের বিষয়টি আলোচনায় স্থান দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে।
কিন্তু অবাধ বাণিজ্য আলোচনা এগিয়ে নেওয়ার প্রশ্নে একমত হয়েছ্নে ইন্দোনেশিয়াসহ সব দেশের নেতারাই। ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী মারি পাঙ্গেস্টু সাংবাদিকদের বলেছেন, আমরা ডব্লিউটিও'র প্রতি আমাদের প্রতিশ্র"তির বিষয়টি নিশ্চিত করছি।
জাপান বলেছে, এ সংক্রান্ত আলোচনা এ বছরের শেষ নাগাদই চূড়ান্ত পর্যায়ে চলে আসা উচিত। নেতাদের আলোচনা থেকে বাণিজ্য আলোচনা যে অগ্রগতি হয়েছে তা হল, তারা সবাই আলোচনার ভিত্তিতে তৈরি একটি খসড়া চুক্তির আওতায় কাজ করে যেতে রাজি হয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৭ঘ.
bdnews24