২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রিজের মধ্যে বাঘ!

ফ্রিজের মধ্যে বাঘ! হ্যাঁ, ভয়ঙ্কর ও অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্য। আর এ কাণ্ড ঘটিয়েছেন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের এক নারী। যার ঘরের ফ্রিজ থেকে প্রাপ্তবয়স্ক দুটি মৃত বাঘ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ খবর ভিয়েতনামের পত্রিকাগুলোয় বুধবার প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 08:49 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

হ্যানয়, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফ্রিজের মধ্যে বাঘ! হ্যাঁ, ভয়ঙ্কর ও অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্য। আর এ কাণ্ড ঘটিয়েছেন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের এক নারী। যার ঘরের ফ্রিজ থেকে প্রাপ্তবয়স্ক দুটি মৃত বাঘ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ খবর ভিয়েতনামের পত্রিকাগুলোয় বুধবার প্রকাশিত হয়েছে। বাঘের হাড় দিয়ে তথাকথিত ঐতিহ্যবাহী ওষুধ তৈরির জন্য বাঘগুলো সংগ্রহ করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন ওই নারী। এ কাজের জন্য তিনজন বিশেষজ্ঞ রাধুনীকেও ভাড়া করেছিলেন তিনি। পুলিশ এ ঘটনায় হ্যানয়ের ৪০ বছর বয়সী ওই নারী ও তার ভাড়া করা তিন রাধুনীকে গ্রেপ্তার করেছে। বাঘের হাড় দিয়ে তৈরি ঐতিহ্যবাহী ওই ওষুধ প্রতি ১০০ গ্রাম প্রায় ৮০০ মার্কিন ডলার মূল্যে বিক্রি করতেন তিনি। সংগৃহীত বাঘগুলো তিনি তার এপার্টমেন্টে একটি ফ্রিজের মধ্যে রাখতেন এবং সেগুলো রান্না করতেন এপার্টমেন্টের বাইরের একটি সরাইখানা ও ঐতিহ্যবাহী ওই ওষুধের দোকানে। যেখানে সকালের নাস্তার জন্য বিশেষ এক ধরনের খাবার খেতে নিয়মিত ভিড় করতেন লোকজন। পুলিশ ওই সরাইখানা থেকে পশুর হাড় দিয়ে তৈরি দুই কেতলি স্যুপও উদ্ধার করেছে। বিপন্ন প্রজাতির পশু রক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে ভিয়েতনাম। তথাপি ওষুধ হিসাবে ব্যবহার করার জন্য প্রতিবেশী দেশগুলো থেকে ভিয়েতনামে এখনো পাচার হচ্ছে বিভিন্ন ধরনের পশু ও তাদের অঙ্গপ্রতঙ্গ। পাশাপাশি ভিয়েতনামের বিভিন্ন এলাকা থেকেও একই কাজের জন্য পশু শিকার চলছে। ওই নারীর এক প্রতিবেশীর বরাত দিয়ে তিয়েনফং পত্রিকা জানিয়েছে, "তিনি এ কাজ প্রকাশ্যেই দীর্ঘ দিন ধরে করে আসছেন। সরাইখানার গন্ধ আশপাশের এলাকাকে দূষিত করেছে।" কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক ইন্দোচাইনিজ বাঘ দুটির ওজন ছিল ২৫০ কেজি করে এবং প্রত্যেকটির মূল্য প্রায় ২০ হাজার মার্কিন ডলার। আর ধারণা করা হচ্ছে, মিয়ানমার বা লাওস থেকে আনা হয়েছিল বাঘ দুটি। বন কর্মকর্তা ভুয়ং ত্রি হোয়ার বরাত দিয়ে নং এনজিপ ভিয়েতনাম পত্রিকা জানিয়েছে, " বাঘগুলো সম্ভবত লাওস থেকে কেনা এবং এম্বুলেন্স বা কফিনের মধ্যে লুকিয়ে ভিয়েতনামে আনা হয়েছে। পত্রিকাগুলোর খবরে আরও বলা হয়েছে, বাঘ দুটি ছাড়াও মঙ্গলবার ওই নারীর ঘর থেকে চারটি ভল্লুকের পা ও হাতির দাঁত, বানরের হাড়গোড় এবং আরও বেশ কিছু বন্য প্রাণীর অঙ্গপ্রতঙ্গ উদ্ধার করেছে পুলিশ। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় তিয়েন জিয়ান প্রদেশে চিড়িয়াখানার একটি বাঘকে বিষ প্রয়োগ এবং সেটিকে ১৫ হাজার ডলারে বিক্রি করে দেওয়ার অভিযোগে গত মাসে আট জনের সাড়ে ১১ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। ভিয়েতনাম ১৯৯৪ সালে 'কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনড্যাঞ্জারড স্পেসিস অফ ওয়াইল্ড ফলা এন্ড ফ্লোরা' (সিআইটিইএস) চুক্তিতে স্বাক্ষর করেছে। এদিকে সংরক্ষণবাদীরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির বনে বর্তমানে জীবিত আছে মাত্র দেড়শ' বাঘ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৪১ঘ.