বসরা, ইরাক, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের বসরা নগরী থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ব্রিটিশ সেনাবাহিনী। সোমবার সকালেই সেখানকার প্রধান দুর্গ বসরার প্রেসিডেন্ট প্রাসাদ থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার শেষ করেছে ব্রিটিশ সেনারা। ইরাকি সেনারা প্রাসাদটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এ বছরের শেষ নাগাদ ইরাকি সেনাদের হাতে বসরার নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হল এর মধ্য দিয়ে। ব্রিটিশ ও ইরাকি সেনা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন দখলাভিযান শুরুর পর এ প্রথমবারের মতো দেশটির সবচেয়ে বড় তেল শিল্প কেন্দ্র বসরা থেকে সরে যাচ্ছে ব্রিটিশ বাহিনী। একদা সাদ্দামের জন্য নির্মিত সুপরিসর ও বিলাসবহুল বসরার প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণভার ইরাকি সেনাদের হাতে হস্তান্তর করে বসরা নগরী থেকে সেনা সরিয়ে নেওয়াকে ইরাক থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহারের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এ বছরের শেষ নাগাদ বসরার প্রাদেশিক নিয়ন্ত্রণভার ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগ পর্যন্ত পুরো বসরার সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব ব্রিটিশ সেনাদের হাতেই থাকবে।
বিবৃতিতে বলা হয় বসরা প্রাসাদের নিয়ন্ত্রণ হস্তান্তর 'দীর্ঘদিন ধরে আমাদের অভিপ্রায় ছিল।"
বসরায় ব্রিটিশ সেনাবাহিনীর এক মুখপাত্র জানান বসরা নগরীর উপকন্ঠে বিরাট ব্রিটিশ এয়ারবেজে সরিয়ে নেওয়া হচ্ছে প্রত্যাহার করা সেনাদের।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার ভোরের দিকে সামরিক যানসহ ব্রিটিশ সেনাদের গাড়ি বহর প্রাসাদ ছেড়ে যেতে দেখেন তারা। এছাড়াও রাতে অনেক হেলিকপ্টার সেখানে আসে এবং সেখান থেকে ছেড়ে যায়।
এদিকে বসরায় ইরাকি নিরাপত্তা অভিযানের কমান্ডার মেজর জেনারেল মোহন আল ফিরাইজি বলেছেন," সোমবার ভোর ৪.৩০ মিনিটের দিকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করে ব্রিটিশ বাহিনী এবং প্রাসাদটির নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে ইরাকি সেনাবাহিনী।"
এমন এক সময়ে বসরা থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহার শুরু হল যখন ইরাক থেকে দ্রুত সেনা সরিয়ে নিতে মার্কিন রাজনীতিকদের প্রবল চাপের মুখে রয়েছে বুশ প্রশাসন। আর যুক্তরাষ্ট্রের ইরাক যুদ্ধ নীতির তীব্র সমালোচনা করে সাবেক ব্রিটিশ সেনাপ্রধানের বক্তব্যের একদিন পরই এ ঘটনা ঘটলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩০০ঘ.
bdnews24