ওয়াশিংটন, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে নিখোঁজ অস্ত্র এবং অস্ত্র সরবরাহে প্রতারণার ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি স্বাধীন তদন্তকারী দল। কুর্দি গেরিলারা তুর্কি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন অস্ত্র ব্যবহার করছে এ খবর প্রকাশিত হওয়ার পর ইরাকে সেনাবাহিনীর অস্ত্রের ব্যাপারে তদন্ত নামলো পেন্টাগন।
বুধবার পেন্টাগনের মুখপাত্র জিওফ মোরেল জানান, সমস্যা তদন্তে প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শক আগামী সপ্তাহে ১৮ সদস্যের একটি তদন্তকারী দল নিয়ে ইরাক যাবেন।
মোরেল বলেন, মহাপরিদর্শকের কার্যালয় জানুয়ারি থেকেই ইরাকে অস্ত্রের হিসাব না মেলা এবং ভুল ব্যক্তির হাতে অস্ত্র যাওয়ার অভিযোগের প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে।"
প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গ্যাটস এসব প্রতিবেদন ও অভিযোগের ব্যাপারে বেশ নাখোশ। গত মে থেকেই এ বিষয়ে দুবার তাকে সবিস্তারে জানানো হয়েছে।"
মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র তুরস্ক বার বার বলছে, উত্তর ইরাকে আস্তানা গাড়া তুর্কি গেরিলাদের দমন করতে মার্কিন সরকার যথেষ্ট পদক্ষেপ নেয়নি। গত জুলাই তুর্কি রাষ্ট্রদূত অভিযোগ করেন, ইরাকের স্থানীয় নিরাপত্তা বাহিনীর জন্য দেওয়া অস্ত্র কুর্দি নেতারা নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির গেরিলাদের হাতে তুলে দিচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮১৭ ঘ.
bdnews24