ওয়াশিংটন, (বিডিনিউজ টুয়েন্টিফোর/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক যুদ্ধের জন্য কংগ্রেসে অতিরিক্ত ৫০ বিলিয়ন ডলার তহবিল চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা হোয়াইট হাউসের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বুধবার একথা জানিয়েছে।
পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করতে কংগ্রেসের চাপ প্রতিহত করার ব্যাপারে আস্থাশীল বুশের এই পদক্ষেপে সেই ইঙ্গিত স্পষ্ট।
২০০৮ সালের অর্থবছরের প্রতিরক্ষা বাজেটের জন্য ৪৬০ বিলিয়ন ডলারের অতিরিক্ত তহবিল চাইতে পারেন বুশ। পাশাপাশি আফগানিস্তান ও ইরাক যুদ্ধ ব্যয় নির্বাহের জন্য ঝুলে থাকা আরেকটি বিলের আওতায় ১৪৭ বিলিয়ন ডলারও দাবি করতে পারেন তিনি। পোস্ট পত্রিকা একথা জানিয়েছে।
পত্রিকাটি আরও জানায়, আগামী মাসে ইরাকের শীর্ষ মার্কিন কমান্ডার ডেভিড পেত্রাউস এবং মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার যুদ্ধ পরিস্থিতি নিয়ে কংগ্রেসে প্রতিবেদন জমা দেওয়ার পরই বুশ অতিরিক্ত তহবিলের জন্য আবেদন জানাবেন বলে মনে করা হচ্ছে।
পোস্ট পত্রিকার এই প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞেস করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র স্কট স্টানজেল বলেন, "তহবিলের আবেদন জানানোর ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।"
তিনি আরও বলেন, "আমরা আগেই বলেছিলাম যে, ইরাক পরিস্থিতি নিয়ে পেত্রাউসের প্রতিবেদন পাওয়ার পরই আমরা ঝুলে থাকা তহবিলের জন্য আবেদন জানানোর প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করব। আর অতিরিক্ত তহবিল চাওয়ার ব্যাপারে আমি আগেভাগেই কিছু বলতে চাই না। কারণ, পেত্রাউস এখনও কিছু জানাননি, আর আমরাও এখনো এ ব্যাপারে কোনো স্থির সিদ্ধান্ত নেইনি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২৫ঘ.
bdnews24