আঙ্কারা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল শপথ নিয়েছেন। তবে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, ধর্ম নিরপেক্ষ গোষ্ঠী এবং প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস্ পার্টি পার্লামেন্টে ওই শপথ অনুষ্ঠান বয়কট করেছে।
মঙ্গলবার পার্লামেন্টে তৃতীয় দফা ভোটাভুটিতে তিনি জয়লাভ করেন। ধর্ম নিরপেক্ষ এবং মুসলমান অধ্যুষিত তুরস্কের আধুনিক ইতিহাসে এই প্রথম কোন সাবেক ইসলামপন্থি প্রেসিডেন্ট হলেন।
শপথ নেওয়ার পর আব্দুল্লাহ গুল তার প্রথম ভাষণে বলেন, "আমি যত দিন এ পদে আছি ততদিন কোন ধরণের পক্ষপাত ছাড়াই দেশবাসীর মধ্যে থাকবো।"
গুলের শপথ গ্রহণের বিরোধিতা করে কয়েক শ' ধর্ম নিরপেক্ষপন্থী প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হয়।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র আব্দুল্লাহ গুলকে অভিনন্দন জানিয়েছে।
ইইউর প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো বলেন, গুলকে নির্বাচিত করার ফলে ইইউতে তুরস্কের অন্তর্ভুক্তি প্রক্রিয়ায় নতুন গতি সঞ্চার হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টম ক্যাসে বলেন, "তুরস্কে গণতন্ত্রের এ অনুশীলনকে আমরা স্বাগত জানাই। এতে সে দেশে গণতন্ত্র উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।"
এদিকে যার স্কার্ফ পরা নিয়ে এত সন্দেহ সংশয় আর আপত্তি সেই আব্দুল্লাহ গুলের স্ত্রী হেরুনিশিয়াই তার স্বামীর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। গুলের ছেলে মেহমুত আমরের উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা আনাতলিয়া জানায়, তিনি বলেছেন, "আমার মা আসবেন না।" সংস্থা জানায়, হয়তো বিতর্ক এড়ানোর চেষ্টা করেছেন হেরুনিশিয়া।
মঙ্গলবার ভোটাভুটির পর পার্লামেন্টের স্পিকার কোকসাল তোপতান বলেন, " আব্দুল্লাহ গুল তৃতীয় দফায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন। তিনি ৩৩৯ ভোট পেয়ে দেশের ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।"
৫৫০ আসনের পার্লামেন্টে আব্দুল্লাহ গুলের দল একে পার্টির আসন সংখ্যা ৩৪১। নির্বাচিত হওয়ার জন্য গুলকে ২৭৬ ভোট পেলেই হতো।
নির্বাচনের ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী বলেন, তিনি বুধবার নাগাদ প্রেসিডেন্টের কাছে তার নতুন মন্ত্রিসভা পেশ করার পরিকল্পনা করেছেন। সংস্কারপন্থীদের নিয়েই তিনি মন্ত্রিসভা করবেন বলে আশা করা হচ্ছে।
সেনা বাহিনীর হুঁশিয়ারি সত্ত্বেও আব্দুল্লাহ গুল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। ২০০২ সালে একে পার্টি ক্ষমতায় আসার পর একজন সফল কূটনীতিক হিসাবে তিনি সুনাম অর্জন করেন। তিনিই ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের অন্তর্ভুক্তির আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচিত হলে তিনি গোটা তুর্কিবাসীর জন্য কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করলেও সেনাবাহিনীর সমর্থন পাননি। বরং তারা সন্দেহ করছে একে পার্টি গোপনে ইসলামী এজেন্ডা বাস্তবায়নের দিকেই যাচ্ছে।
সোমবার তুরস্কের সেনা প্রধান জেনারেল ইয়াসার বুয়োকানিত একটি বিবৃতিতে বলেন, তিনি দেখতে পাচ্ছেন একটি 'দুষ্ট চক্র' ধর্ম নিরপেক্ষ প্রজাতন্ত্রটির ক্ষতি করতে চাচ্ছে। তিনি বলেন, যদি মসজিদ ও রাষ্ট্র আলাদা হয়ে যাওয়ার মত কোন ঝুঁকি সৃষ্টি হয় তাহলে তারা বসে থাকবেন না।
তুরস্কের একজন অর্থনীতিবিদ বলেন, সেনা প্রধানের হুঁশিয়ারিসহ বিবৃতি দেওয়ার ঘটনায় পরিস্কার বোঝা যায়, সরকারের কাছ থেকে আসতে পারে এমন যে কোন ধরণের ধর্ম নিরপেক্ষতা বিরোধী তৎপরতার বিরুদ্ধেই এ পদক্ষেপ।
তবে অনেক পর্যবেক্ষকই মনে করছেন, গুল বিরোধ এড়িয়ে যাওয়ারই চেষ্টা করবেন। ১৯৯৯ সালে তিনি এবং প্রধানমন্ত্রী তায়েপ এর্দোয়ান একটি ইসলামপন্থী রাজনৈতিক দল ভেঙে বেরিয়ে আসেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। গত সপ্তাহে পার্লামেন্টে দুদফা ভোটাভুটিতে প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ ভোট পেতে ব্যর্থ হন গুল।
এর আগে গুলকে প্রেসিডেন্ট করার একটি উদ্যোগের বিরুদ্ধে সেনাবাহিনী এবং সে দেশের ধর্ম নিরপেক্ষ অভিজাত গোষ্ঠী অবস্থান নেওয়ায় প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এর্দোয়ান পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেন।
জুলাইয়ের সাধারণ নির্বাচনে তার পার্টি ৪৭ শতাংশ ভোট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। এটা আব্দুল্লাহ গুলের প্রেসিডেন্ট হওয়ার পক্ষে রায় বলেও দাবি করে একে পার্টি।
তুরস্কে অধিকাংশ ক্ষমতার অধিকারী সরকার। তবে প্রেসিডেন্ট পদটি বেশ মর্যাদাপূর্ণ। কারণ যিনি এ পদে নির্বাচিত হবেন তিনি হবেন ধর্মনিরপেক্ষ আধুনিক তুরস্কের জনক এবং প্রথম প্রেসিডেন্ট কামাল আতাতুর্কের উত্তরসূরী। বিচারক ও কর্মকর্তা নিয়োগ এবং যে কোন আইনে ভেটো দিতে পারেন প্রেসিডেন্ট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ২৩৩৭ ঘ.
bdnews24