লন্ডন, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০৩০ সালের মধ্যে বিশ্বে জলবায়ুর পরির্বতন রোধে উন্নয়নশীল দেশগুলোকে গ্রীণহাউস গ্যাস নির্গমণ দুই-তৃতীয়াংশেরও বেশি কমিয়ে আনতে হবে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কার্যালয় বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা বলেছে। জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব রোধের এই লড়াইয়ে ২০৩০ সাল নাগাদ বিশ্বের দেশগুলোকে বছরে কয়েকশ' বিলিয়ন ডলার ব্যয় করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের এই প্রতিবেদন জলবায়ুর মারাত্মক পরিবর্তন এড়াতে 'প্রয়োজনীয় সম্ভাব্য বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবাহ' সংক্রান্ত। এতে আরও বলা হয়, "জলবায়ু পরিবর্তন রোধের এ লড়াইয়ে মোট ব্যয় বিশ্বের মোট সম্পদের প্রায় অর্ধশতাংশ। কিন্তু কেবল অর্থ ঢেলেই এ সমস্যা সমাধার করা যাবে না। সেইসঙ্গে যথপোযুক্ত নীতি নেওয়ার কথাটিও বিবেচনায় রাখতে হবে।" জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কার্যালয়ের প্রধান ইউভো দি বোয়ের রয়টার্সকে একথা বলেন।
এ বছরের শুরুতেই জলবায়ু বিষয়ক বিজ্ঞানী ও অর্থনীতিবিদরা একটি প্রতিবেদনে জলবায়ুর মারাত্মক পরিবর্তন ঠেকাতে ২০১৫ সালের মধ্যে গ্রীণহাউস গ্যাস নির্গমণ অর্ধেকে নামিয়ে আনার পরামর্শ দেন। কিন্তু বৃহস্পতিবারের প্রতিবেদনে ২০৩০ সালের মধ্যে ওই লক্ষ্যমাত্রা অর্জনের কথা বলা হয়েছে এবং এক্ষেত্রে উন্নয়নশীল বিশ্বের ভূমিকার ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়ন রোধের লক্ষ্যমাত্রা অর্জন করতে উন্নয়নশীল দেশগুলোকে গ্রণহাউস গ্যাস নির্গমণ ৬৮ শতাংশ হ্রাস করতে হবে। এজন্য তাদের ব্যয় হবে বছরে প্রায় ২১০ বিলিয়ন ডলার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫১ঘ.
bdnews24