শিকাগো, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে ঝড়োবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ৮ জনের মৃত্যু হয়েছে। নেব্রাস্কা থেকে নেমে আসা বিভিন্ন নদীতে পানি বাড়ার ফলে বন্যা দেখা দেয়। এর মধ্যে ওহিয়ো অঙ্গরাজ্যের ২১টি এলাকা বন্যাকবলিত। কর্তৃপক্ষ ইতিমধ্যে উত্তর-মধ্যাঞ্চলীয় ৯টি এলাকায় জরুরি অবস্থা জারি করেছে।
সপ্তাহের অধিকাংশ সময় ওই এলাকাসহ গোটা অঞ্চলে আরও বর্ষণ ও ঝড়োবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
ওহিয়ো অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র টম হান্টার জানান, অঙ্গরাজ্যের ফিন্ডলে এলাকা থেকে দমকল ও উদ্ধারকর্মীরা প্রায় ১০০ লোককে অন্য সরিয়ে নিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন শহরে জলমগ্ন রাস্তায় ডুবে গিয়ে গাড়ি আটকা পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। সেখানকার কয়েক শ' বাসিন্দাকে আশপাশের এলাকার আশ্রয় শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে।
হান্টার জানান, এখনও পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, "গত ৩০ থেকে ৪০ বছরের মধ্যে এলাকাগুলোতে এ রকম ব্যাপক বন্য আর দেখা যায়নি। অনেক মানুষকে আবার নতুন করে ঘরবাড়ি তৈরি করতে হবে। লোকগুলোর জন্য আমাদের খারাপই লাগছে।"
আইওয়া অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অন্তত ৫টি এলাকা বন্যাকবলিত। অঙ্গরাজ্যের গভর্নর চেট কালভার এলাকাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা করেছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনেসোটা এবং দক্ষিণাঞ্চলীয় উইসকিন্সন অঙ্গরাজ্যের অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ। মিনেসোটায় গত সপ্তাহে শুরু হওয়া ঝড়ে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।
উইসকিন্সনের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়া নেব্রাস্কা, ইলিনয় ও ইন্ডিয়ানায় বন্যা বা আকস্মিক বন্যার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২৩১৬ ঘ.
bdnews24