নয়া দিল্লি, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভারত সফর শুরু করেছেন। তিন দিনের এ উচ্চ পর্যায়ের সফরে মঙ্গলবার তিনি দিল্লি পৌঁছান। তার সফরসঙ্গী হয়েছেন জাপানের প্রায় ২০০ ব্যবসায়ী কর্মকর্তা। ভারতের সঙ্গে বাণিজ্য এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করাই তার এ সফরের লক্ষ্য।
প্রধানমন্ত্রী হওয়ার পর এ প্রথম আবে ভারত সফরে এলেন। সফরকালে জাপান ও ভারতের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এগুলোর মধ্যে প্রাধান্য পাবে বাণিজ্য চুক্তি। ভারত সরকারও দু দেশের মধ্যকার বাণিজ্য আগামী ৫ বছরে দ্বিগুণ বাড়িয়ে ১৪ বিলিয়ন ডলার করার আগ্রহ প্রকাশ করেছে।
এ ছাড়া দু দেশের মধ্যে বেসামরিক পরমাণু সহযোগিতা ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হবে।
সফরকালে আবে ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংসহ সে দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ভারতীয় পার্লামেন্টের একটি যৌথ অধিবেশনেও ভাষণ দেবেন।
তিনি ভারতীয় বিচারক রাধাবিন্দু পালের ছেলের সঙ্গে সাক্ষাত করবেন। এ বিচারক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাপানের যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেন।
দু দেশের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ৯০ বিলিয়ন ডলার ব্যয়ে দিল্লি-মুম্বাই শিল্প করিডোর স্থাপনের বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হবে। এর লক্ষ্য ভারতের দুর্বল অবকাঠামো এবং পরিবহণ ব্যবস্থার উন্নয়ন এবং শিল্প উৎপাদন বাড়ানো।
এ প্রকল্পের আওতায় নয়া দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত একটি দ্রুত গতিসম্পন্ন রেল লাইন নির্মাণে ভারতকে সহায়তা করতে জাপান কম সুদে ৪০০ বিলিয়ন ডলারের একটি ঋণ প্রস্তাবও দিতে পারে।
কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ড্রাস্ট্রি-এর মুখ্য উপদেষ্টা ভি রঘুরমন জানান, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে জাপানের সঙ্গে বেসামরিক পরমাণু জ্বালানি চুক্তির ব্যাপারে আগ্রহী ভারত।
এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বেসামরিক পরমাণু জ্বালানী সহযোগিতা চুক্তির ব্যাপারেও জাপানের সহযোগিতা চায় ভারত। চুক্তিটি কার্যকর হতে এখনও নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্র"পের কাছ থেকে আন্তর্জাতিক অনুমোদন দরকার।
জাপান ও ভারতের মধ্যে সম্পর্ক জোরদারে ওই চুক্তিতে সমর্থন দেওয়ার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও দেশটি ১৯৯৮ সালে ভারতের পরমাণুর পরীক্ষা বিরোধিতা করেছিল।
বিশ্লেষকরা বলছেন, এশিয়ায় চীনের প্রভাবের বিষয়টি মাথায় রেখেই ভারত ও জাপান কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চায়।
তবে সিঙ্গাপুরের ন্যানিয়াং টেকনোলজি ইউনিভার্সিটির প্রফেসর সি রাজা ইন্ডিয়ান এক্সপ্রেসে লিখেছেন, "জাপান বা ভারত কারোরই চীনের সমকক্ষ হওয়ার আকাঙ্খা নেই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24