বেইজিং, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শক্তিশালী টাইফুন সিপাতের আঘাতে রোববার সকালে চীনের দক্ষিণ উপকূলে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। ওই ঝড়ের কবল থেকে বাঁচার জন্য চীনের প্রায় ১০ লাখ লোক তাদের ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন। এদিকে টাইফুনটি দুর্বল হয়ে আঞ্চলিক ঘূণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, টাইফুনের ফলে সৃষ্ট একটি টর্নেডোর কবলে পড়ে চীনের ঝেজিয়াং প্রদেশে কমপক্ষে ১১ জন নিহত হন। টর্নেডোটিতে অসংখ্য ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে ৬০ জনেরও বেশি আহত হয়েছেন।
এদিকে টাইফুনের আঘাতে শনিবার তাইওয়ান ও ফিলিপাইনের কিছু অংশ বন্যা কবলিত এবং বিদ্যুৎহীন হয়ে পড়ার পরিপ্রেক্ষিতে চীনের দক্ষিণাঞ্চলে নয় লাখেরও বেশি অধিবাসীকে অপেক্ষাকৃত উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়।
সিনহুয়া জানায়, টাইফুন সিপাত উত্তর-পশ্চিম দিকে ধাবিত হয়ে জিয়াংজি প্রদেশের দিকে যাচ্ছে এবং এর প্রভাবে আগামী তিন দিন দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে চারশ' মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
টর্নেডোতে চীনের শ' শ' ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং দক্ষিণের ফুজিয়ান থেকে পূর্বের জেজিয়াং পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পানিতে ডুবে তিনজন মারা গেছেন। রাজধানী ম্যানিলা ও উত্তরাঞ্চলের প্রদেশগুলোর প্রায় সাড়ে পাঁচ লাখ লোক বন্যায় আক্রান্ত হয়েছেন। আর সাড়ে তিন হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রগুলোয়।
তাইওয়ানের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, টাইফুনের আঘাতে ২৭ জন আহত হয়েছেন। এছাড়া টাইফুনের কারণে ৭০ হাজারের বেশি ঘর-বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং দ্বীপটির উত্তর ও দক্ষিণ দিক থেকে ফ্লাইট দেরিতে ছাড়তে বাধ্য হয় বিমান সংস্থাগুলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/২০৩০ ঘ.
bdnews24