২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে হলে মনমোহন মিথ্যা বলার জন্য গুলি খেতেন : ফার্নান্দেজ

মনমোহন সিং যদি চীনের সরকারপ্রধান হতেন তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত পরমাণু চুক্তি নিয়ে জাতিকে 'ধোঁকা' দেওয়ার কারণে তাকে গুলি খেতে হতো। ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও প্রবীণ রাজনীতিক জর্জ ফার্নান্দেজ শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 01:08 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

নয়াদিল্লি, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মনমোহন সিং যদি চীনের সরকারপ্রধান হতেন তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত পরমাণু চুক্তি নিয়ে জাতিকে 'ধোঁকা' দেওয়ার কারণে তাকে গুলি খেতে হতো। ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও প্রবীণ রাজনীতিক জর্জ ফার্নান্দেজ শুক্রবার একথা বলেছেন। হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিজেপির নেতৃত্বাধীন সরকারের সাবেক মন্ত্রী ফার্নান্দেজ বলেন, "অবস্থা যা দাাঁড়িয়েছে তাহল, দেশের প্রধানমন্ত্রী ক্রমাগত ধোঁকা দেওয়ার মাধ্যমে জাতিকে প্রতারণা করছেন। এটা একজন সরকারপ্রধানের শোভা পায় না।" রয়টার্সকে পাঠানো এক লিখিত বার্তায় ফার্নান্দেজ বলেন, "এটা যদি চীন হতো তাহলে সোজা তার মাথায় গুলি করে বিষয়টির সুরাহা করতো তারা।" ভারত - মার্কিন বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে বামপন্থী জোট এবং বিরোধী বিজেপিসহ অন্য দলগুলোর তীব্র চাপের মুখে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। বামপন্থীরা এ ইস্যুতে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিলে সরকার অস্থিতিশীল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে সোমবার মনমোহন সিং পার্লামেন্টের ভাষণে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিকে জাতীয় উন্নতির জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ বলে অভিহিত করেন। তিনি বলেন, এ চুক্তি বিশ্বসভায় ভারতের মর্যাদা বাড়াবে। সে দিনও প্রধানমন্ত্রীর ভাষণের আগে ওই চুক্তি বাতিলের দাবিতে পার্লামেন্টে তুমুল হট্টগোল হয়। গত মাসে চূড়ান্ত হওয়া এ পরমাণু চুক্তির মাধ্যমে ৩০ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরমাণু জ্বালানি এবং পরমাণু সরঞ্জামাদি কেনার সুযোগ পাবে ভারত। কিন্তু চুক্তিটিকে অসম এবং ভারতের পরমাণু সার্বভৌমত্বের বিরোধী আখ্যা দিয়ে এর বিরোধিতা করে আসছে কংগ্রেস সরকারকে সমর্থন দেওয়া বামপন্থী জোট, প্রধান বিরোধী দল বিজেপিসহ অন্য কিছু দল। অন্যদিকে, ভারত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর না করায় এবং দুইবার পরমাণু পরীক্ষা চালানোর পরও দেশটির সঙ্গে এ চুক্তি করায় তীব্র সমালোচনার মুখে পড়ে বুশ প্রশাসন। চুক্তিটি স্বাক্ষরের আগে একে অবশ্যই কংগ্রেসের অনুমোদন লাভ করতে হবে এবং ৪৫ সদস্যের পরমাণু সরঞ্জাম সরবরাহকারী গ্র"পের ছাড়পত্র পেতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএসবি/১৯০১ ঘ.