ওয়ানা, পাকিস্তান, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের ওয়াজিরিস্তান এলাকায় কট্টর ইসলামপন্থী জঙ্গি এবং সেনাবাহিনীর সংঘর্ষে ৪ সেনা এবং ১০ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার আফগান সীমান্ত সংলগ্ন জাতিগোষ্ঠী অধ্যুষিত ওই এলাকায় সর্বশেষ এ সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহত হয়।
দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানা থেকে ৩০ মাইল পূর্বে একটি তল্লাশী চৌকিতে জঙ্গিরা সেনাবাহিনীর একটি গাড়িবহরে হামলা চালায়।
সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ বলেন, "হামলায় ২ সৈন্য নিহত এবং আরও ১২ জনের মত আহত হয়েছে।"
তিনি আরও বলেন, "দু পক্ষের মধ্যে গোলাগুলি এখনও চলছে।"
এর কয়েক ঘন্টা আগে উত্তর-পূর্ব ওয়ারিজিস্তানে একটি রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে গাড়ি উড়ে গেলে অপর ২ সেনা নিহত এবং ৪ জন আহত হয়েছে।
এ ছাড়া অপর এক হামলায় উত্তর-পূর্ব ওয়াজিরিস্তানের সীমান্ত এলাকা বাজাউরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে সরকার সমর্থক একজন জাতিগোষ্ঠী নেতা এবং তার গাড়ির চালক নিহত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২৩৫২ ঘ.
bdnews24