২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভোটার তালিকা সংশোধনে ৩০ দিন সময় দিয়েছে সুপ্রিম কোর্ট

ভোটার তালিকা সংশোধনে পাকিস্তানের নির্বাচন কমিশনকে ৩০ দিন সময় দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। নির্বাচন সামনে রেখে করা খসড়া ভোটার তালিকায় লাখ লাখ ভোটার বাদ পড়েছে- এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট শুক্রবার সব যোগ্য ভোটারকে তালিকাভুক্ত করার আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ইসলামাবাদ, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভোটার তালিকা সংশোধনে পাকিস্তানের নির্বাচন কমিশনকে ৩০ দিন সময় দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। নির্বাচন সামনে রেখে করা খসড়া ভোটার তালিকায় লাখ লাখ ভোটার বাদ পড়েছে- এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট শুক্রবার সব যোগ্য ভোটারকে তালিকাভুক্ত করার আদেশ দেয়। স্বেচ্ছায় নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সুপ্রিম কোর্টে ওই অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি দাবি করেন, বর্তমান তালিকা দিয়ে নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না। এ বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুতে পাকিস্তানে চারটি প্রাদেশিক পরিষদ এবং পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীরর সভাপতিত্বে দুই সদস্যের একটি বেঞ্চ নির্বাচন কমিশনকে ভোটার তালিকা সংশোধনে ওই সময়সীমা বেঁধে দেয়। প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ জরুরি অবস্থা জারি করতে পারেন এবং এর ফলে নির্বাচন এক বছর পিছিয়ে যাবে বলে খবর প্রকাশের পরদিন সুপ্রিম কোর্ট ভোটার তালিকা সংশোধনে এ সময়সীমা বেঁধে দিল। বৃহস্পতিবার ওই খবর প্রকাশের পর মুশাররফ সরকার জরুরি অবস্থা জারির সম্ভাবনা নাকচ করে দেয়। একই সঙ্গে সরকার নির্বাচন অনুষ্ঠানে তার আগ্রহের কথাও জানায়। আট বছর আগে রক্তপাতহীন এক অভ্যুত্থানে নেওয়াজ শরীফ সরকার উৎখাত করে মুশাররফ ক্ষমতা দখল করেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে বর্তমানে তার ওপর ব্যাপক চাপের মধ্যে রয়েছে। এ বছরের জুনে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এ নিয়ে বিতর্ক শুরু হয়। প্রকাশিত তালিকায় ভোটার সংখ্যা হচ্ছে ৫ কোটি ২০ লাখ। পাঁচ বছর আগের তালিকার চেয়ে ২ কোটি ভোটার কম। অথচ এ সময়ের মধ্যে ভোটার বেড়েছে প্রায় সাড়ে ৫ কোটি। পাকিস্তানে সর্বশেষ নির্বাচন হয়েছে ২০০২ সালে। ওই নির্বাচনের মধ্য দিয়ে মুশাররফ প্রেসিডেন্ট হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৯১৫ ঘ.