জাতিসংঘ, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- প্রতি বছর সারা বিশ্বে ৫০ কোটি মানুষ ভয়াবহ বন্যার শিকার হয়। এতে ফসলি জমি ও ঘরবাড়ি ডুবে মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে। এর ফলে ত্রাণ উদ্যোগও বাড়াতে হচ্ছে। জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক উপসমন্বয়ক মার্গারেটা ওয়ালস্ট্রোম জানান, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং অন্য কিছু কারণে বন্যায় মৃত্যুর ঘটনা হ্রাস পেয়েছে। তবে ঘরবাড়ি, স্বাস্থ্য এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মিলিয়ে অর্থনৈতিক বিপর্যয় এড়ানো সম্ভব হচ্ছে না।
মার্গারেটা বলেন, "বড় ধরণের ঝুঁকি হলো বিপুল সংখ্যক মানুষ বিশ্বের অরক্ষিত অঞ্চলে বাস করে।" এ প্রসঙ্গে তিনি দক্ষিণ এশিয়ায় মারাত্মক বন্যা রোধ করতে না পারার বিষয়টি উল্লেখ করেন।
তিনি জানান, ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে বছর ওয়ারী গড় প্রাকৃতিক দুর্যোগ বেড়ে ২০০ থেকে ৪০০ হয়েছে। এসব দুর্যোগের মধ্যে রয়েছে দাবদাহ, দাবানল, ঝড়, খরা ইত্যাদি।
ওই সময়ের মধ্যে বন্যার গড় সংখ্যা বেড়ে ৬০ থেকে ১০০ হয়েছে। ২০০৭ সালে সুদান, ইথিওপিয়া, মিয়ানমার, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, চীন, ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান এবং কলম্বিয়াসহ ৭০টি মারাত্মক বন্যার ঘটনা তালিকাভুক্ত করা হয়েছে।
এর আগে বুধবার বিশ্ব আবহাওয়া সংস্থা বিশ্বজুড়ে আবহাওয়ার ধরণ পরিবর্তনের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করে। সংস্থাটি জানায়, প্রাকৃতিক দুর্যোগ গরীবদের ওপরই তীব্র আঘাতা হানে।
জাতিসংঘের বিশেষজ্ঞ গ্র"প ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেইনজ্ বলেছে, গত ৫০ বছরে চরম আবহাওয়াজনিত প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে এবং সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে।
মার্গারেটা বলেন, "আগামী ২০ বছর আমাদের জন্য আবহাওয়াজনিত আরও বেশি মারাত্মক দুর্যোগ অপেক্ষা করছে এটা জেনেই বিভিন্ন দেশ, সংস্থা ও ব্যক্তির সামনে আজকের চ্যালেঞ্জ হচ্ছে, ওই সব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আমরা কি আমাদের আচরণে পরিবর্তন আনতে পারি না?"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮১৫ ঘ.
bdnews24