লন্ডন, আগস্ট ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গুয়ানতানামো বন্দিশালায় আটক যুক্তরাজ্যের পাঁচ বাসিন্দাকে মুক্তি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। ওই পাঁচ ব্যক্তি ব্রিটিশ নাগরিক না হলেও গ্রেপ্তারের আগে থেকেই তারা বৈধভাবে ব্রিটেনে বসবাস করছিলেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে আনুষ্ঠানিকভাবে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের ুএ উদ্যোগকে ওয়াশিংটন থেকে নিজের স্বাতন্ত্র বজায় রাখা এবং পূর্বসূরী টনি ব্লেয়ারের নীতির উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
এর আগে গুয়ানতানামো বন্দিশালায় আটক নয়জন ব্রিটিশ নাগরিককে মুক্তির নিশ্চয়তা বিধান করতে টনি ব্লেয়ারের সরকার উদ্যোগ নিলেও অন্য জাতীয়তার ব্রিটিশ বাসিন্দাদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি তারা। এমনকি ব্লেয়ার সরকার এও বলেছিল যে শুধুমাত্র ব্রিটেনে বসবাস করার কারণেই তাদের দায়িত্ব নিতে পারে না ব্রিটেন। ওইসব বন্দিদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিতে লন্ডনের ভূমিকাকে আইনগতভাবে চ্যলেঞ্জ করেন তাদের আত্মীয়রা। কিন্তু সেসময় ব্লেয়ার সরকার এ উদ্যোগের বিরোধিতা করেছিল।
ব্রিটিশ সরকার জানায় যুক্তরাজ্যের বাসিন্দা সৌদি আরবের শাকের আমের, জর্ডানের জামিল এল বান্না, লিবিয়ার ওমর দেঘায়েস, ইথিওপিয়ার বিনিয়াম মোহাম্মেদ, এবং আলজেরিয়ার আবদেননুর সামিউরের গুয়ানতানামো বন্দিশালা থেকে মুক্তি এবং তাদের ব্রিটেনে প্রত্যাবর্তন চান তারা।
ব্রিটিশ সরকারের এ উদ্যোগের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্যন ম্যাককরম্যাক বলেছেন 'যুক্তরাষ্ট্রের নীতির আওতাতেই' ব্রিটিশদের অনুরোধ পুনর্বিবেচনা করবেন তারা।
মার্কিন মুখপাত্র বলেন,"আমরা বিশ্বের কারারক্ষক হতে চাই না। একইসঙ্গে আমরা এটাও চাই না যে ভয়ংকর সব লোকজন অবাধে যেখানে সেখানে চলাফেরা করে বেড়াক এবং আমাদের নাগরিকসহ অন্যান্যদের জন্য হুমকি সৃষ্টি করতে থাকুক।"
এদিকে পেন্টাগনের মুখপাত্র ব্রায়ান হুইটম্যান বলেছেন গুয়ানতানামোতে বর্তমানে আটক রয়েছেন এমন বন্দিদের 'আটক রাখার' ভার বহনে মিত্রদের প্রচেষ্টাকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।
তবে 'ওই বন্দিদের আটকবস্থা অব্যাহত থাকুক যুক্তরাষ্ট্র এমনটা চায় কিনা' সাংবাদিকদের এ প্রশ্নের কোনো উত্তর দেননি পেন্টাগনের মুখপাত্র।
এদিকে ব্রিটেনের রক্ষণশীল বিরোধী নেতারা স্বরাষ্টমন্ত্রী জ্যাকুই স্মিথকে এটা স্পষ্ট করতে বলেছেন যে ওই বন্দিরা ব্রিটেনে ফিলে এলে সেখানে কোনো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে কি না।
গুয়ানতানামো বন্দিশালা নিয়ে দীর্ঘদিন ধরেই বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও চাপের মুখে আছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বুশ বলেছেন তিনিও ওই শিবিরটি বন্ধ করে দিতে চান। তবে বুশ এটাও বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে মনে করেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩২০ ঘ.
bdnews24