ইসলামাবাদ, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- তালেবান ও আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি দমনের ভিত্তিতে পাকিস্তানকে সাহায্য দেওয়া সংক্রান্ত নতুন মার্কিন আইন নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। মঙ্গলবার তিনি বলেন, এ আইন দু'দেশের মধ্যকার সম্পর্কে ছায়া ফেলেছে।
১১ সেপ্টেম্বর কমিশনের সুপারিশ বাস্তবায়নে আনা গুরুত্বপূর্ণ ওই বিলে গত সপ্তাহে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এতে পাকিস্তানকে জঙ্গি দমনাভিযানে অগ্রগতির ভিত্তিতে মার্কিন সাহায্য দেওয়ার বিধান রয়েছে।
মঙ্গলবার মুশাররফ পাকিস্তান সফররত মার্কিন সিনেটর রিচার্ড ডারবিনকে বলেন, "এ আইন দু'দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করবে।"
মুশাররফের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, "দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের আইন উত্তেজনাপূর্ণ। দু'দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিশ্বাস ও আস্থা। এর মধ্য দিয়ে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট অভিন্ন ইস্যুগুলো সামনে আসবে।"
অবশ্য এর আগে বুশ প্রশাসন এ ধরনের শর্তসাপেক্ষ প্রস্তাবের বিরোধিতা করে। প্রশাসনের যুক্তি ছিল, এর ফলে ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠায় এটা উল্টো ফল দিতে পারে।
পাকিস্তানে তালেবান ও আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গি দমনের বিষয়টি যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইস্যুগুলোর মধ্যে বহুল আলোচিত একটি ইস্যু। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামা গত সপ্তাহে বলেন, তিনি নির্বাচিত হলে পাকিস্তানের মতামতের তোয়াক্কা না করেই সে দেশের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটিগুলোতে হামলা করার নির্দেশ দেবেন।
তবে এর পরে টেলিফোনে মুশাররফের সঙ্গে আলাপকালে বুশ ওবামার এ ধরনের বক্তব্যকে 'গ্রহণযোগ্য নয়' বলে অভিহিত করেন। তিনি পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল বলেও মুশাররফকে জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/ ২০১৫ ঘ.
bdnews24