ওয়াশিংটন, আগস্ট ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক ও আফগানিস্তানে মার্কিন দখদারিত্বের বদলা নিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর দূতাবাস এবং কূটনীতিবিদদের ওপর হামলার হুমকি দিয়েছে আল-কায়েদা। মার্কিন বংশোদ্ভুত আল-কায়েদা নেতা অ্যাডাম গেডান ওরফে 'আজ্জাম দ্য আমেরিকান' রোববার ইন্টারনেটে প্রকাশিত এক ভিডিওচিত্রে ওই হুমকি দেন। ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণকারী গেডান একজন ধর্মান্তরিত মুসলিম। আল-কায়েদার মিডিয়া উইং আল - সাহাবের সঙ্গে তিনি জড়িত বলে ধারণা করা হয়।
একঘন্টা ১৭ মিনিটের ওই ভিডিওচিত্রটি একটি ইসলামপন্থী ওয়েবসাইটে প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ লরা ম্যানসফিল্ডের ওয়েবসাইটে ওই ভিডিচিত্রটির একটি বিবরণ প্রকাশ করা হয়েছে। ভিডিওচিত্রটির বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও তা আল কায়েদার মিডিয়া উইং আল - সাহাবের তৈরী বলে ধারণা করা হচ্ছে।
অ্যডাম গেডান বলেছেন, "তোমরা যেমন দেশের ভেতরে এবং বাইরে আমাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছো তেমনি আমরাও দেশের ভেতরে ও বাইরে তোমাদের হামলা করবো। ইরাক ও আফগানিস্তানে আগ্রাসন চালাতে তোমরা যেখানে বসে পরিকল্পনা করো এবং ক্রুসেডের আদর্শিক ও বস্তুগত রসদ, সামরিক সরঞ্জামাদি সরবরাহ করো ওইসব গোয়েন্দা আখড়া এবং সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোও অব্যাহতভাবে আমাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।"
এ ভিডিওচিত্রে একটি মুসলিম ধর্মগুরুদের মতো একটি লাল সাদা স্কার্ফ পরা অবস্থায় হাজির হয়ে গেডান আরও বলেন,"ইসলামী শরীয়া আইনের প্রতি তোমরা যতোটা শ্রদ্ধাশীল তোমাদের আন্তর্জাতিক আইনের প্রতি আমাদের শ্রদ্ধা তারচেয়েও কম। শরীয়া মেনে চলার ক্ষেত্রে তোমাদের চর্চার সঙ্গে তোমাদের আইন মেনে চলার ক্ষেত্রে আমাদের চর্চাকে তুলনা করা যেতে পারে।"
ধর্মান্তরিত মুসলিম এই মার্কিন আল কায়েদা নেতা বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন বলে ধারণা করা হয়।
ভিডিওচিত্রটিতে ২০০৬ সালে পাকিস্তানের করাচিতে মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলার বিস্তারিত বিবরণ একটি 'কম্পিউটার অ্যানিমেটেড' চিত্রের সাহায্যে তুলে ধরা হয়। ওই হামলায় রাষ্ট্রদূত ডেভিড ফয় এবং আরও তিনজন নিহত হন।
প্রামাণ্যচিত্রের ধরনে তৈরী ভিডিওচিত্রটিতে করাচির আত্মঘাতী বোমারুর একটি দীর্ঘ বক্তৃতা এবং ১৯৯৮ সালে পূর্ব আফ্রিকায় মার্কিন দূতাবাসে হামলা সহ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা এবং পরবর্তী ঘটনাবলীর ধারাভাষ্যসহ অনেক ফুটেজ দেখানো হয়।
ইসলামপন্থীদের ওয়েবসাইট পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্সটিটিউট জানায়, এর আগে আরেকটি ভিডিওচিত্রে করাচিতে মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলাকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছিলেন আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি। মার্কিনিদের পরাস্ত করতে আফগানিস্তানে এবং পাকিস্তানের মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করারও আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫৪০ ঘ.
bdnews24