আলজিয়ার্স, আগস্ট ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পরমাণু কর্মসূচি পরিহারের কোনো ইচ্ছা নেই এবং তারা এ কর্মসূচি নিয়ে পরিকল্পনা মাফিকই এগুচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার একথা বলেছেন। মুখপাত্র মোহাম্মদ আল হোসেইনি এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি পরিকল্পনামাফিকই এগুচ্ছে।
তিনি এ কর্মসূচি বন্ধ হওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেন।
অথচ এর আগে ভিয়েনায় কূটনীতিকরা জানিয়েছিলেন, ইরানের বিতর্কিত পরমাণু জ্বালানি কর্মসূচির গতি মন্থর হয়ে এসেছে এবং তারা সেন্ট্রিফিউজ বসানো কমিয়ে দিচ্ছে। উল্লেখ্য, ইরান ৩ হাজার সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করেছিল। এর মধ্যে ২ হাজার সেন্ট্রিফিউজ তারা ইতোমধ্যেই স্থাপন করেছে। সেইসঙ্গে বাণিজ্যিক ভিত্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণাও দিয়েছে।
ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমা বিশ্বের ধারণা। সেকারণেই বারবার নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে এ পথ থেকে বিরত রাখার চেষ্টা করছে পশ্চিমারা। কিন্তু তাদের এ প্রচেষ্টায় এখন পর্যন্ত কোনো ফল হয়নি।
হুসেইনি পরমাণু কর্মসূচি বণ্দের সম্ভাবনা নাকচ করার আগে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেন, তার দেশ পরমাণু কর্মসূচি পরিত্যাগ করবে না। ওপেকের সহযোগী আলজেরিয়া সফরের আগে সে দেশের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে আহমাদিনেজাদ এ কথা বলেন। পত্রিকাটির শনিবারের সংস্করণে তার ওই সাক্ষাতকারটি ছাপা হয়।
তিনি বলেন, "পরমাণু জ্বালানী তৈরির জন্য জাতিসংঘ যেটুকু অধিকার দিয়েছে তার বেশি দাবি করছে না ইরান। ওই অধিকারের এক ইঞ্চিও ছাড় দিতে প্রস্তুত নই আমরা।"
এল ওয়াতান নামের ওই পত্রিকাটির সঙ্গে দেওয়া সাক্ষাতকারে আহমাদিনেজাদ বলেন, "আন্তজাাতিক আইনের কর্মকাঠামোর মধ্যে থেকেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। আমি বলতে পারি ইরান পরমাণু ক্ষমতাধর রাষ্ট্র।"
আহমাদিনেজাদ তিনদিনের সফরে সোমবার উত্তর আফ্রিকার দেশ আলজিয়া যাচ্ছেন। তবে আলজেরিয়ার সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবেন কিনা সে ব্যাপারে তিনি কিছু জানাননি।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে মধ্যপ্রাচ্যের অন্যতম তেল উৎপাদনকারী দেশটি এ অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরান দাবি করছে, তারা বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি হাতে নিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২০০৫ ঘ.
bdnews24