জেরুজালেম, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পরমাণু জ্বালানি কেন্দ্র তৈরির পরিকল্পনা বিবেচনা করছে ইসরায়েল। তাদের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমিতে ওই পরমাণু জ্বালানি প্রকল্প তৈরী করা হতে পারে। ইসরায়েলের অবকাঠামো উন্নয়ন বিষয়ক মন্ত্রী বেনিয়ামিন বেন এলিজারের বরাত দিয়ে ইসরায়েলি আর্মি রেডিও শনিবার এ কথা জানিয়েছে।
এক প্রকৌশলী সম্মেলনে বেন এলিজার বলেন, "নেগেভে ... ... একটি পরমাণু জ্বালানি কেন্দ্র তৈরির বিষয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেবে ইসরায়েল সরকার।"
এদিকে ইসরায়েলের অবকাঠামো উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্মি রেডিওর ওয়েবসাইটে প্রচারিত প্রতিবেদনটি সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আর্মি রেডিও জানায়, পরমাণু জ্বালানি কেন্দ্র নির্মাণের পরিকল্পনাটি ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট সমর্থন করেছেন এবং কয়েক মাসের মধ্যে সরকার এটি বিবেচনা করবে।
যদিও ওলমার্টের অফিসের এক কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বেন এলিজার বলেন, বিশ্বব্যাপী প্রাকৃতিক জ্বালানি উৎস হ্রাস পাওয়া এবং কয়লা ব্যবহারের ফলে পরিবেশগত ক্ষতির বিষয়ে ইসরায়েলের যে উদ্বেগ তা থেকেই পরমাণু জ্বালানি কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরমাণু অস্ত্র থাকার বিষয়ে আজ পর্যন্ত স্বীকারোক্তি কিংবা অস্বীকৃতিমূলক কোনো মন্তব্য করেনি ইসরায়েল । যদিও ব্যাপকভাবে ধারণা করা হয় যে মধ্যপ্রচ্যের একমাত্র পরমাণু - শক্তিধর হচ্ছে ইসরায়েল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৮১০ ঘ.
bdnews24