লন্ডন, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্রিটেনের একটি খামারে গবাদিপশুর 'ফুট এন্ড মাউথ' রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোগটি নিয়ে শনিবার একটি জরুরি বৈঠকে সভাপতিত্ব করার জন্য ছুটি কাটানো বাদ দিয়ে লন্ডনে ফিরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।
লন্ডনের কাছের ওই খামারে রোগটি ধরা পড়ার পর ২০০১ সালের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শুক্রবারই গবাদিপশুর চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। পাশাপাশি আক্রান্ত খামারটির সব গবাদিপশু হত্যা শুরু করেছে তারা।
উল্লেখ্য, ২০০১ সালে ওই রোগের কারণে ব্রিটেনের খামার ও গ্রাম্য পর্যটন খাতে ব্যাপক ক্ষতি হয়েছিল। সর্বশেষ ওই প্রাদুর্ভাব মোকাবেলায়, বিশেষকরে গবাদিপশুর চলাচল বন্ধে তরিৎ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার জন্য সমালোচনার শিকার হয়েছিলেন ব্রাউনের পূর্বসূরী টনি ব্লেয়ারের সরকার।
ব্রাউন শুক্রবার সন্ধ্যায় ডরসেট থেকে টেলিফোনে কর্মকর্তাদের সঙ্গে এক জরুরী বৈঠকে অংশ নেন এবং শনিবার জরুরি অবস্থা মোকাবেলার বিশেষ কমিটি 'কোবরার' এক বৈঠকে সভাপতিত্ব করার জন্য লন্ডনে ফিরে আসেন।
এদিকে ব্রিটেনের নেতৃস্থানীয় অণুজীববিজ্ঞানী প্রফেসর হাগ পেনিংটন জানিয়েছেন, সর্বশেষ প্রাদুর্ভাব মোকবেলার মতো ভাল প্রস্তুতি আছে ব্রিটেনের।
বিবিসিকে তিনি বলেন অবস্থা মোকাবেলার জন্য প্রশাসনিক, অবকাঠামোগত এবং বৈজ্ঞানিক সক্ষমতা আমাদের আছে ।
তিনি আরও বলেন, "আক্রান্ত খামরের সব কিছুই পরীক্ষা করা হয়েছে এবং যা ধারনা করা হচ্ছিল (২০০১ সালের মতো) তাই পাওয়া গেছে। আমাদের যথেষ্ঠ শিক্ষা হয়েছে (তখন) এবং আমার বিশ্বাস এবার আমরা আগের যেয়ে অনেক ভালো করব।"
২০০১ সালে ওই রোগটির ভয়াবহ বিস্তারের কারণে ক্ষয়ক্ষতির বিবেচনায় তা বিশ্বের সবচেয়ে মারাত্মক পশুরোগের মহামারীতে পরিণত হয়েছিল। যার সার্বিক ক্ষতির পরিমাণ ছিল ১৬ বিলিয়ন মার্কিন ডলার। তখন রোগটির সংক্রামন ঠেকাতে ব্রিটেনে ৬৫ লাখ গবাদিপশু হত্যা করা এবং পুড়িয়ে ফেলা হয়েছিল।
পা ও মুখের এ রোগটির কারণে গবাদিপশুর শরীরে তীব্র জ্বর হয় ও চামড়ায় ফোসকা পড়ে এবং অনেক সময় এতে পশুর মৃত্যুও হয়ে থাকে। গরু, ছাগল, শূকর ও ভেড়া এবং কদাচিৎ মানুষের মাধ্যমেও সংক্রামিত হতে পারে এ রোগটি। এছাড়া গাড়ির চাকা, গবাদিপশুর পালের চলাচল এবং খামারে কাজ করে এমন কারও জুতার মাধ্যমেও রোগটি অন্যত্র ছড়িয়ে পরতে পারে বলেও জানিয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা।
তবে এবার কিভাবে এ রোগটির প্রাদুর্ভাব দেখা দিল সে সম্পর্কে এখনই কিছু বলতে পারছেন না তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭৪০ঘ.
bdnews24