২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর শেষে দেশে ফিরছেন বেনজির

গ্রেফতার হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও এ বছরের শেষ নাগাদ দেশে ফিরছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। শুক্রবার লন্ডনে তার মুখপাত্র একথা জানিয়েছেন। বেনজির স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে বাস করছেন। মুখপাত্র বশির রিয়াজ এক টেলিফোন সাক্ষাতকারে বলেন, "আগামী মাসে অথবা তার পরের মাসে বেনজির পাকিস্তানে ফিরবেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 01:00 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

লন্ডন, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- গ্রেফতার হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও এ বছরের শেষ নাগাদ দেশে ফিরছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। শুক্রবার লন্ডনে তার মুখপাত্র একথা জানিয়েছেন। বেনজির স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে বাস করছেন। মুখপাত্র বশির রিয়াজ এক টেলিফোন সাক্ষাতকারে বলেন, "আগামী মাসে অথবা তার পরের মাসে বেনজির পাকিস্তানে ফিরবেন।" প্রায় এক দশক নির্বাসনে থাকার পর ৫৪ বছর বয়সী বেনজির স্থায়ীভাবে পাকিস্তানে ফিরবেন কিনা এ প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, হ্যাঁ, আমি সেটাই বোঝাতে চাই। সেটা হবে বড় ঘটনা। তার (বেনজির) পরিকল্পনা খুব সহজ এবং স্পষ্ট। তিনি নির্বাচনে অংশ নিতে এবং দলকে নেতৃত্ব দিতে দেশে ফিরবেন।" ডিসেম্বরে বা জানুয়ারিতে পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন হতে পারে। বেনজির আশা করছেন, নির্বাচনে তার দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জয়লাভ করবে। রিয়াজ জানান, বেনজির কবে নাগাদ দেশে ফিরবেন এবং কোথায় নামবেন সেটা ঠিক করবেন আগস্টের শেষ নাগাদ। তিনি এখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। এ ব্যাপারে মতামত জানতে তাৎক্ষণিকভাবে তাকে পাওয়া যায়নি। গত সপ্তাহে আবু ধাবিতে বেনজির ও মুশাররফ গোপনে বৈঠক করেছেন। তবে ক্ষমতা সংহত করার আশা নিয়ে মুশাররফ বেনজিরের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও তাতে তিনি পুরোপুরি সফল নাও হতে পারেন। বিশ্লেষকদের মতে, দুজনের মধ্যে সমঝোতার পথে প্রধান বাধা মুশাররফের সেনাপ্রধানের পদ আঁকড়ে থাকা এবং একই সঙ্গে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা। কারণ বেনজির দুই পদে মুশাররফকে সমর্থন দেবেন না। বিশ্লেষকরা মনে করেন, বেনজির সেনাপ্রধানের পদ ছেড়ে দেওয়ার শর্তে মুশাররফকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে সমর্থন দিতে পারেন। মুখপাত্র রিয়াজ রয়টার্সকে জানান, বেনজির গ্রেফতারের ঝুঁকি নিতে প্রস্তুত। বেনজির ও তার স্বামী আসিফ জারদারির বিরুদ্ধে পাকিস্তানে দুর্নীতির মামলা রয়েছে। রিয়াজ আরও বলেন, যেহেতু পার্লামেন্ট নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, তাই তিনি গ্রেফতারের ঝুঁকি নিচ্ছেন। তবে তিনি যে দেশে ফিরবেন সেটা নিশ্চিত। দেশে ফিরলে বেনজিরকে গ্রেফতার করা হবে না এ মর্মে মুশাররফের সঙ্গে তার কোন সমঝোতা হয়েছে কিনা সে ব্যাপারে রিয়াজ অবহিত নন বলে তিনি জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮৪৬ ঘ.