২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স-জার্মানিসহ ইউরোপীয় দেশগুলোর ক্ষেপণাস্ত্র কিনছে লিবিয়া

ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন ও ইতালির যৌথ উদ্যোগে পরিচালিত অস্ত্র কোম্পানির কাছ থেকে প্রায় ৪২ কোটি ডলার মূল্যের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং সামরিক যোগাযোগ প্রযুক্তির সরঞ্জাম কিনছে লিবিয়া। ২০০৪ সালে লিবিয়ার ওপর থেকে পশ্চিমা অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর কোনো পশ্চিমা দেশের কাছ থেকে লিবিয়ার অস্ত্র কেনার ঘটনা এটাই প্রথম। লিবিয়া ও পশ্চিমি সূত্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 11:46 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

প্যারিস, আগস্ট ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন ও ইতালির যৌথ উদ্যোগে পরিচালিত অস্ত্র কোম্পানির কাছ থেকে প্রায় ৪২ কোটি ডলার মূল্যের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং সামরিক যোগাযোগ প্রযুক্তির সরঞ্জাম কিনছে লিবিয়া। ২০০৪ সালে লিবিয়ার ওপর থেকে পশ্চিমা অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর কোনো পশ্চিমা দেশের কাছ থেকে লিবিয়ার অস্ত্র কেনার ঘটনা এটাই প্রথম। লিবিয়া ও পশ্চিমি সূত্র একথা জানিয়েছে। এদিকে, বুলগেরীয় নার্সদের মুক্ত করতে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির লিবিয়া সফরের পরপরই এ অস্ত্রচুক্তি স্বাক্ষরিত হচ্ছে। সমালোচকরা বলছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ নার্স ও এক চিকিৎসককে মুক্তি দেওয়ার বিনিময়ে ইইউ'র সঙ্গে লিবিয়ার সমঝোতার অংশ এ অস্ত্রবিক্রি চুক্তি। তবে নার্সদের মুক্তির সঙ্গে এ অস্ত্রচুক্তির সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে ফ্রান্স। ফ্রান্স এবং জার্মানির যৌথভাবে নিয়ন্ত্রিত ইউরোপীয়ান এরোস্পেস এন্ড ডিফেন্স গ্র"প (ইএডিএস) শুক্রবার ওই অস্ত্র বিক্রির কথা নিশ্চিত করেছে। ইএডিএস জানায়, লিবিয়ার কাছে 'মিলান এন্টি ট্যাংক মিসাইল' বিক্রির চুক্তি প্রায় চূড়ান্ত এবং সামরিক যোগাযোগ প্রযুক্তি ও সরঞ্জামাদি বিক্রির আলোচনাও অগ্রসর হচ্ছে। ইএডিএস এক বিবৃতিতে জানায়," চুক্তিটি (ক্ষেপণাস্ত্র বিক্রির) লিবীয় পক্ষের স্বাক্ষরের অপেক্ষায় আছে এবং ইএডিএস আনন্দিত যে প্রক্রিয়াটি শেষ হতে যাচ্ছে।" ইএডিএস বলেছে ব্রিটেনের 'বিএই সিস্টেমস' এর সঙ্গে তাদের যৌথ উদ্যোগ 'এমবিডিএ' এবং ইতালির ফিনমেককানিয়া ওই ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজ করছে। এর আগে বুধবার লিবীয় নেতা মোয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম এর উদ্ধৃতি দিয়ে ফ্রান্সের পত্রিকা 'ল্য মন্ডে' জানায় বৃহত্তর সামরিক সহযোগিতার আওতায় লিবিয়ার কাছে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। বুলগেরীয় নার্সদের মুক্তির বিনিময়ে কোনো ধরনের অস্ত্রচুক্তির কথা অস্বীকার করেছে ফরাসী সরকার। তবে প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির মুখপাত্র ডেভিড মার্তিনন বলেছেন, সারকোজির সফর এ চুক্তিকে সহায়তা করে থাকতে পারে। ফ্রান্স ইনফো রেডিওকে দেওয়া সাক্ষাতকারে মার্তিনন বলেন,"ফরাসী - জার্মান কোম্পানিগুলো যদি চুক্তি করার বিষয়ে সফল হয় তাহলে খুব ভাল কথা, এটা তাদের জন্য খুবই ভাল।" তিনি বলেন,"এটা সত্যি যে প্রেসিডেন্ট সারকোজির রাষ্ট্রীয় সফর খুবই ফলপ্রসূ হয়েছে। কারণ নার্সদের মুক্তির বিষয়টি প্রায় তাৎক্ষণিকভাবেই কার্যকর হয়েছে এবং মনে হচ্ছে যে অন্য অনেক কিছুতেই গতির সঞ্চার হয়েছে যা ফরাসী কোম্পানিগুলোকে লাভবান করছে।" লিবীয় সূত্রমতে ক্ষেপণাস্ত্র চুক্তিটি প্রায় ১৬ কোটি ৬৮ লাখ ইউরো এবং সামরিক যোগাযোগ প্রযুক্তির চুক্তিটি প্রায় ১২ কোটি ৮০ লাখ ইউরোর। তবে ইউরোপীয় কোম্পানিগুলো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭২০ ঘ.