২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯৪ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি!

৯৪ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি! হ্যাঁ। অসাধ্য মনে হলেও তা অর্জন করেছেন ফিলিস টার্নার নামে অস্ট্রেলিয়ার এক বৃদ্ধা। এর মধ্য দিয়ে টার্নারই হলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মাস্টার্স ডিগ্রিধারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 08:49 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ক্যানবেরা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ৯৪ বছর বয়সে মাস্টার্স ডিগ্রি! হ্যাঁ। অসাধ্য মনে হলেও তা অর্জন করেছেন ফিলিস টার্নার নামে অস্ট্রেলিয়ার এক বৃদ্ধা। এর মধ্য দিয়ে টার্নারই হলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মাস্টার্স ডিগ্রিধারী। মাত্র ১২ বছর বয়সেই স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তার। অস্ট্রেলিয়ার এডিলেড বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী টার্নার স্নাতোকত্তর ডিগ্রির জন্য পড়ালেখা শুরু করেন ৯০ বছর বয়সে। এ সপ্তাহে সাটিফিকেট পেয়েছেন তিনি। অনুভূতি জানিয়ে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, "পাঁচ বছর পড়ালেখা করে আমি খুবই আনন্দিত।" হাটার সময় লাঠির সাহায্য নিতে হলেও বার্ধক্যকে মোটেই প্রশ্রয় দেননি টার্নার। পড়ালেখার প্রতি তার যে আগ্রহ ও উদ্যম তাতে রীতিমতো অভিভূত হয়ে পড়েছিলেন তার ডিগ্রি সুপারভাইজার প্রফেসর মেসিজ হেনেবার্গ। বার্তা সংস্থা রয়টার্সকে মেসিজ বলেন, "মানসিকভাবে তিনি ছিলেন অন্য যে কোনো ছাত্র-ছাত্রীর মতো। ২৫ বছর বয়সীদের মতোই ছিল তার চিন্তা, উদ্দীপনা ও আগ্রহ। তার রয়েছে প্রাণবন্ত মন।" ১২ বছরের টার্নার এমনি এমনি স্কুল ছেড়েছিলেন তা নয়। কারণ ছিল, বাবা পরিবার ছেড়ে চলে যাওয়ায় মাকে সাহায্য করা। পরবর্তীতে প্রায় ৬০ বছর পর তিনি আবারও পড়ালেখা শুরু করেন। ৭০ বছর বয়সে নৃবিজ্ঞান পড়তে ভর্তি হন বিশ্বখ্যাত এডিলেড বিশ্ববিদ্যালয়ে। আর মাস্টার্স শুরুর আগে ২০০২ সালেই অর্জন করেন অনার্স ডিগ্রি। হেনেবার্গ বলেন, টার্নারের নাম গিনিস বুকে উঠানোর চেষ্টা করবেন তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/