জাতিসংঘ, আগস্ট ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমাতে ধনী দেশগুলোকে বেশি দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার দুদিনব্যাপী বৈঠকের প্রথম দিন মঙ্গলবার জাতিসংঘ এ আহ্বান জানায়।
তবে গ্রিনহাউস গ্যাস নির্গমণের জন্য সবচেয়ে বেশি দায়ী যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কোন বিবৃতি দেয়নি। অর্থনৈতিক ক্ষতির কথা বলে গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমানোর লক্ষ্যমাত্রাও প্রত্যাখ্যান করে আসছে দেশটি।
গ্যাস নির্গমন হ্রাস বাধ্যতামূলক না করে সরকারগুলোর উদ্যোগের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
ব্রিটিশ অর্থনীতিবিদ নিকোলাস স্টার্ন বলেন, মানবসৃষ্ট গ্যাস নির্গমন কমাতে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকেও বৈশ্বিক চুক্তিতে আসতে হবে।
জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক পরিণতি ওপর গতবছর দেয়া যুগান্তকারী রিপোর্টটির লেখক এ স্টার্ন। তিনি বলেন, ২০৫০ সালের মধ্যে ক্ষতিকর গ্যাস নির্গমন ৫০ শতাংশ কমাতে হবে।
গ্রিনহাউস গ্যাস নির্গমনে অতীতের দায়দায়িত্ব এবং সম্পদের পর্যাপ্ততার জন্য গ্যাস নির্গমণ কমানোর লক্ষ্যমাত্রা ৫০ শতাংশের বেশির ভাগ কমাতে হবে ধনী দেশগুলোকে।
তিনি বলেন, তাদের (ধনী দেশ) উচিত লক্ষ্যমাত্রার ৭৫ ভাগের দায়িত্ব নেওয়া।
ব্রিটিশ সরকারের সাবেক কর্মকর্তা এবং বর্তমানে লন্ডন স্কুল অফ ইকোনোমিকসের অধ্যাপক স্টার্নার আরও বলেন, গ্যাস নির্গমন কমাতে দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা দিয়েও ধনী দেশগুলো বাড়তি দায়িত্ব পালন করতে পারে।
এর আগে জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও একই কথা বলেছেন।
তিনি বলেন, "আমরা জানি বিশ্বব্যাপী যে সমৃদ্ধি অর্জিত হয়েছে তার সিংহভাগ ভোগ করে শিল্পায়িত দেশের মানুষ। আর সমৃদ্ধি অর্জনের যে পরিণতি তার বেশির ভাগ দুর্ভোগ পোহাচ্ছে গরীব দেশের মানুষ। যদিও তারা এর জন্য খুব কমই দায়ী। "
ভারতের বিজ্ঞান ও পরিবেশ কেন্দ্রের পরিচালক সুনীতা নারায়ণ বলেন, " আজকে পর্যন্ত ধনী দেশগুলো যে পরিমাণ নির্গমন হ্রাস করেছে তাদেরকে আরও কম সময়ের মধ্যে তার চেয়েও বেশি করতে হবে।"
তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক নেতারা যতটা বাগাড়ম্বর করেন তার চেয়েও কম কাজ করেন।"
bdnews24