ইয়ালা, থাইল্যান্ড, আগস্ট ০১ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) -- থাইল্যান্ডে বুধবার বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে।
ওইদিন ভোরে মুসলিম অধুষ্যিত দক্ষিণাঞ্চলীয় ইয়ালা, পাত্তানি ও নারাথিয়াত প্রদেশে গেরিলারা বন্দুক, বিস্ফোরক ও বোমা নিয়ে হামলা চালায়। এতে আরও ১২ জন আহত হয়। থাই পুলিশ ও সেনাবাহিনী এ খবর জানিয়েছে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ৩টি প্রদেশে সহিংসতায় গত তিন বছরে মারা গেছে দুই হাজার তিনশ'র বেশি মানুষ।
গেরিলারা ইয়ালার একটি রেল ট্রাকে টহলরত সেনাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে দুই সেনা মারা যায় এবং আহত হয় অপর এক সেনা।
সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, ইয়ালা প্রদেশের রাজধানীর ১৭টি লক্ষ্যবস্তুতে পুলিশ ও সেনা অভিযানের কিছুক্ষণ পর ওই হামলার হয়। অভিযানে কোনো সন্দেহভাজন ধরা পড়েনি। তবে চারটি বন্দুক উদ্ধার করেছে তারা।
থাই পুলিশ ও সেনাবাহিনী আরও জানায়, গেরিলারা নারাথিয়াতের একটি ব্যস্ত বাজারে মটরসাইকেল বোমার বিস্ফোরণ ঘটায়। এতে এক বৌদ্ধ মহিলা নিহত এবং অপর ১১ জন আহত হয়।
পুলিশ জানায়, ওই প্রদেশে একটি পেট্রল স্টেশনে বিস্ফোরক এবং ডাস্টবিনে রাখা বোমা বিস্ফোরণে কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি হয়নি।
থাইল্যান্ডের নিরাপত্তারক্ষীরা গত মাস থেকে প্রায় প্রত্যেক দিনই গ্রাম ও শহরের সন্দেহভাজন গেরিলা ঘাঁটিতে অভিযান চালিয়ে আসছে। আর সেসব অভিযানে কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে প্রায় ৪০০ জনকে।
বিডিনিউিজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএসবি/১৪৩২ ঘ.
bdnews24