২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফ-বেনজির সমঝোতা হয়েছে, বিপত্তি শুধু সেনাপ্রধানের পদ নিয়ে

আবু ধাবীতে মুশাররফ - বেনজির গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানজুড়ে এখন যে প্রশ্নটি নিয়ে সবচেয়ে বেশি জল্পনা কল্পনা চলছে তা হল আগামী নির্বাচনকে সামনে রেখে ক্ষমতা ভাগাভাগিতে তাদের মধ্যে কি ধরনের সমঝোতা হয়েছে। বেশিরভাগ সূত্রই বলছে আরেক মেয়াদে মুশাররফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং নির্বাসন থেকে ফিরে বেনজিরের প্রধানমন্ত্রী পদে দাঁড়ানো নিয়ে সমঝোতা হয়ে গেছে দু নেতার মধ্যে। বিপত্তি শুধু মুশাররফের সেনাপ্রধানের পদ থেকে সরে দাঁড়ানো নিয়ে। কিন্তু ক্ষমতা দখলের আট বছরের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় থাকা মুশাররফের সামনে এছাড়া আর পথ নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ সামরিক উর্দিপরা অবস্থায় মুশাররফকে কোনোভাবেই মেনে নিতে নারাজ বেনজির ভুট্টো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 12:52 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ইসলামাবাদ, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আবু ধাবীতে মুশাররফ - বেনজির গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানজুড়ে এখন যে প্রশ্নটি নিয়ে সবচেয়ে বেশি জল্পনা কল্পনা চলছে তা হল আগামী নির্বাচনকে সামনে রেখে ক্ষমতা ভাগাভাগিতে তাদের মধ্যে কি ধরনের সমঝোতা হয়েছে। বেশিরভাগ সূত্রই বলছে আরেক মেয়াদে মুশাররফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং নির্বাসন থেকে ফিরে বেনজিরের প্রধানমন্ত্রী পদে দাঁড়ানো নিয়ে সমঝোতা হয়ে গেছে দু নেতার মধ্যে। বিপত্তি শুধু মুশাররফের সেনাপ্রধানের পদ থেকে সরে দাঁড়ানো নিয়ে। কিন্তু ক্ষমতা দখলের আট বছরের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় থাকা মুশাররফের সামনে এছাড়া আর পথ নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ সামরিক উর্দিপরা অবস্থায় মুশাররফকে কোনোভাবেই মেনে নিতে নারাজ বেনজির ভুট্টো। মুশাররফ - বেনজির সমঝোতা নিয়ে তারা নিজেরা মুখ না খোলায় এ বিষয়ে জল্পনা কল্পনা আরও বাড়ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সমঝোতা যাই হোক বর্তমান পরিস্থিতিতে এ ধরনের রাজনৈতিক মেরুকরণের বাস্তবায়ন অতোটা সহজ হবে না। কারণ চুক্তি বাস্তবায়ন করতে হলে বেশকিছু পদক্ষেপ নিতে হবে এবং আইন সংস্কার করতে হবে মুশাররফকে। বেনজির এর মধ্যেই দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করায় তৃতীয় মেয়াদে ওই পদে তাকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে হলে পাকিস্তানের সংবিধান পরিবর্তন করতে হবে। এছাড়াও রয়েছে বেনজিরের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি ও অন্যান্য মামলাগুলো তুলে নিয়ে তার নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা। অন্যদিকে, বেনজিরের দল পিপিপির সঙ্গে সমঝোতা করে আবার প্রেসিডেন্ট হতে হলে মুশাররফকে তার সেনাপ্রধানের পদটি ছাড়তে হবে নির্বাচনের আগেই। কেননা বেনজিরের শর্ত অনুসারে এ পার্লামেন্টে নয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন পার্লামেন্টেই প্রেসিডেন্ট হতে হবে মুশাররফকে। এ ধরনের সমঝোতা না হলে সাধারণ হিসেব মতে এ সেপ্টেম্বর অক্টোবরেই বর্তমান পার্লামেন্টের সমর্থন নিয়েই প্রেসিডেন্ট পদে পুননির্বাচিত হতে চাইতেন মুশাররফ। কিন্তু প্রধান বিচারপতিকে বরখাস্ত করার পর দেশব্যাপী লাগাতার আন্দোলন সংগ্রাম এবং অবশেষে সুপ্রিম কোর্টের রায় তার স্বপদে পুনর্বহাল মুশাররফের সেই পথকে প্রায় রুদ্ধ করে দিয়েছে। তার ওপর লাল মসজিদে সেনা অভিযান নিয়ে ইসলামপন্থী মিত্রদেরও সমর্থন হারিয়েছেন মুশাররফ। এ অবস্থায় রাজনীতিতে শক্তিশালী কোনো মিত্র ছাড়া ওরকম কোনো দুঃসাহসী পদক্ষেপ নেওয়ার মতো অবস্থায় আর নেই তিনি। কিন্তু সমঝোতা অনুসারে সেনাপ্রধানের পদ ছেড়ে দিলে এবং আগামী নির্বাচনে প্রত্যাশ্যামতো পিপিপি বিজয়ী হলে বেনজিরের দল যে চুক্তি রক্ষা করে তাকে প্রেসিডেন্ট বানাবে তারই বা নিশ্চয়তা কি। অন্যদিকে, সেনাপ্রধানের পদ না ছাড়লে নির্বাচনের পর মুশাররফ যে তার কথা রেখে সেনাবাহিনী ছাড়বেন তারও নিশ্চয়তা নেই। কারণ ১৯৯৯ সালে রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা দখলের সময় তিনি ইসলামপন্থীদেরও বলেছিলেন, তিনি সেনাপ্রধানের পদ ছাড়বেন। ফলে মুশাররফের ওই ফাঁদে পা দিতে নারাজ বেনজির। তবে লাহোরের ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্সের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক রাসুল বখশ্ রাইস মনে করেন " পাকিস্তানিরা নয় বরং যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিশ্চয়তা দেওয়াার কাজটি করতে পারে।" বিশ্লষকরা মনে করেন যে বেনজিরের পিপিপির সঙ্গে মিলে ইসলামপন্থীদের বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান নেওয়ার চেষ্টা করতে পারেন মুশাররফ। আর ধর্মনিরপক্ষেতাবাদী এবং উদারগণতন্ত্রী হিসেবে পরিচিত বেনজির এবং আরেক নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশে ফিরে এলে পাকিস্তানে ইসলামপন্থীদের 'রাজনীতির সুযোগ' এমনিতেই অনেকটা কমে যাবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এরা দেশের রাজনীতিতে অনুপস্থিত থাকার কারণেই ইসলামপন্থীদের এ উত্থানের সুযোগ বেড়ে গিয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮৪০ ঘ.