২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টিকে বেশি ঝড়ের কারণ জলবায়ুর পরিবর্তন

জলবায়ু পরিবর্তনের ফলে আটলান্টিক মহাসাগরে আগের চেয়ে বেশি বেশি হারিক্যান হচ্ছে। গড় ঝড়ের মওসুম হিসাবে গত শতাব্দীতে এ সংখ্যা ছিলো দ্বিগুণ। বৈশ্বিক উষ্ণতা বাড়ায় সমুদ্রের কোন কোন অংশের উষ্ণতা বাড়ছে এবং এর ফলে বদলে যাচ্ছে বাতাসের ধরণ। রোববার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 10:40 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

মিয়ামি, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তনের ফলে আটলান্টিক মহাসাগরে আগের চেয়ে বেশি বেশি হারিক্যান হচ্ছে। গড় ঝড়ের মওসুম হিসাবে গত শতাব্দীতে এ সংখ্যা ছিলো দ্বিগুণ। বৈশ্বিক উষ্ণতা বাড়ায় সমুদ্রের কোন কোন অংশের উষ্ণতা বাড়ছে এবং এর ফলে বদলে যাচ্ছে বাতাসের ধরণ। রোববার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গাড়ি, কারখানা এবং মানুষের নানা কর্মকাণ্ডে বেশি মাত্রায় গ্রিনহাউস গ্যাস নির্গমনের ফলে জলবায়ু বদলে যাচ্ছে। আর সেটাই বেশি বেশি এবং ভয়ঙ্কর ট্রপিক্যাল ঝড় ও হারিক্যানের জন্য দায়ী কিনা এ নিয়ে বছরের পর বছর ধরে হারিক্যান গবেষকরা বিতর্ক করছেন। 'ফিলোসোফিক্যাল ট্রান্সেকশান অফ দ্য রয়্যাল সোসাইটি অব লন্ডন'-এর অনলাইনে প্রকাশিত এ নতুন গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত একশ' বছরে বেশি বেশি ঝড় বা হারিক্যানের কারণ হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা ১ দশমিক ৩ ডিগ্রি ফারেনহাইট বেড়ে যাওয়া। এ বছর জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রভাবশালী আন্তঃসরকার প্যানেল তার এক প্রতিবেদনে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধিতে মানুষের ক্ষতিকর ভূমিকার ব্যাপারে হুঁশিয়ার করে জানায়, হারিক্যানের প্রকোপ বাড়ার পিছনে মানুষের অবদান রয়েছে। নতুন গবেষণাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক রিসার্চ-এর গ্রেগ হল্যান্ড এবং জর্জিয়া ইনস্টিউট অফ টেকনোলজি-এর পিটার ওয়েবস্টার। গবেষকরা ১৯০০ সালের পর ৩টি সময়পর্ব দেখতে পান যখন আটলান্টিক মহাসাগরে ঝড় ও হারিক্যানের মাত্রা দ্রুত বেড়েছে এবং পরে আবার স্বাভাবিক হয়ে গেছে। ১৯০০ থেকে ১৯৩০ পর্যন্ত সময়ে গড়ে আটলান্টিকে ৬টি ঝড় সৃষ্টি হয়েছে। এর মধ্যে ৪টি ছিলো হারিকেন এবং ২টি ট্রপিক্যাল ঝড়। ১৯৩০ থেকে ১৯৪০ পর্যন্ত সময়ে বছর ওয়ারী গড় বেড়ে ১০ হয়েছে। এর মধ্যে ৫টি হারিকেন। ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সময়ে এই গড় বেড়ে হয়েছে ১৫। এর মধ্যে ৮টি হারিকেন এবং ৭টি ট্রপিক্যাল ঝড়। গবেষকরা জানান, ঝড় বাড়ার আগের সময়ে সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। ১৯৩০ সালের আগে তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট। আর ১৯৯৫ সালের আগেও একইরকম বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গবেষক হল্যান্ড এক বিবৃতিতে বলেন, "এ সংখ্যাগুলোই শক্তিশালী সূচক যাতে প্রমাণ হয় আটলান্টিকে ঝড় বাড়ার সবচেয়ে বড় কারণ জলবায়ুর পরিবর্তন।" তবে সন্দেহবাদীদের মত হচ্ছে, হারিক্যান সম্পর্কিত ২০ শতকের প্রথম দশকগুলোর ডাটা বিশ্বাসযোগ্য নয়। কারণ মহাসাগরের মাঝখানে ঝড়ের উৎপত্তি হয় এবং সেটা আবার মরেও যায়। ঝড় কোথায় অবস্থান করে সেটা কেউ জানে না। তবে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে ১৯৪৪ সালে। ওই সময় গবেষকরা সমুদ্র পর্যবেক্ষণের জন্য বিমান ব্যবহার করেন। আর ১৯৭০ সাল থেকে ব্যবহার করা হচ্ছে উপগ্রহ। কিন্তু হল্যান্ড ও ওয়েবস্টারের মত হলো, কেবল গত শতাব্দীর অর্ধেক সময়ে পাওয়া অধিকতর নির্ভুল তথ্য হারিক্যান বাড়ার কারণ প্রমাণের জন্য যথেষ্ট হতে পারে না। গবেষকরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেন, " আমরা আস্থার সঙ্গে এ উপসংহার টেনেছি যে অংশত গ্রিনহাউস গ্যাসের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিই এ সময়ে সমুদ্রে বেশি বেশি হারিক্যান সৃষ্টির জন্য দায়ী। এটাই প্রভাবশালী কারণ হতে পারে।" ২০০৫ সালে আমেরিকায় রেকর্ড ২৮টি ঘুর্ণিঝড় আঘাত হানে। এর মধ্যে ক্যাটরিনাসহ ১৫টি ছিলো হারিক্যান। ক্যাটরিনার আঘাতে ১৫০০ মানুষ প্রাণ হারায় এবং এতে ৮০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়। তবে ২০০৬ সালে ১০ টি ঝড় হয়েছে এবং সেগুলো তেমন শক্তিশালী ছিলো না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৬১৯ ঘ.