ওয়াশিংটন জুলাই, ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/ডন)--- পাকিস্তানকে শর্ত দিয়ে নতুন সন্ত্রাস-বিরোধী বিল সই করে তা আইনে পরিণত করতে যাচ্ছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। হোয়াইট হাউস শনিবার একথা বলেছে। এ আইনবলে আল-কায়েদা, তালেবান ও অন্যান্য জঙ্গি নির্মূলে অগ্রগতির ভিত্তিতে পাকিস্তানকে সাহায্য দেবে মার্কিন প্রশাসন। শুক্রবার রাতে ৩১৭-৪০ ভোটে মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়েছে। তার আগের রাতে সিনেট ৮৫-৮ ভোটে বিলটি অনুমোদন করে। পাকিস্তান হুঁশিয়ার করে দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা ক্ষুন্ন করার পাশাপাশি উভয়ের মধ্যকার কৌশলগত সম্পর্কও ক্ষতিগ্রস্ত করবে।
মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সাবকমিটির চেয়ারম্যান গ্যারি আক্কারমান বলেন, " বিলের ধারায় শুধু জঙ্গি ও সন্ত্রাসী নির্মূলে অগ্রগতিই নয় বরং গণতান্ত্রিক সংস্কার, আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ২০০৭ সালে সংসদীয় নির্বাচন সময়ানুযায়ী অনুষ্ঠান করার ভিত্তিতে পাকিস্তানকে সাহায্য দেবে যুক্তরাষ্ট্র।"
বিলের আরেকটি ধারায় বলা হয়েছে, পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র বিস্তারের যে নেটওয়ার্ক পাকিস্তানের রয়েছে তা না বদলালে পাকিস্তানকে আর যুক্তরাষ্ট্রের মিত্রদেশ হিসাবে গণ্য করা হবে না। বরং পরমাণু অস্ত্র বিস্তার রোধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সরকার একযোগে কাজ করলেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থ সবচে ভালোভাবে রক্ষা করা যাবে বলে কংগ্রেসের ধারণা। বিলে একথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন এই বিলের উদ্দেশ্য হচ্ছে দেশের নিরাপত্তা জোরদার করা এবং দেশকে ভবিষ্যতে সন্ত্রাসী হামলা থেকে বাঁচানো। ফলে কোনো রাজনৈতিক দলেরই এ বিলের বিরোধীতা করা সম্ভব নয়।বুশ এই বিলে সই করে তা আইনে পরিণত করবেন বলে মনে করা হচ্ছে।
এই আইন পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে ছায়া ফেলবে বলে সতর্ক করে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনীম আসলাম এক বিবৃতিতে বলেছেন, "সন্ত্রাসবিরোধী অভিযানের সঙ্গে সাহায্য দেওয়ার বিষয়টি জুড়ে দেওয়াটা দুদেশের দ্বিপক্ষীয় সহযোগিতার স্বার্থ পরিপন্থী। এ পদক্ষেপ ভবিষ্যতে ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে।"
আসলাম আরও বলেন, " পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে এ বিল হতাশাবঞ্জক। এটি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের কিবদ্যমান সম্পর্কে ছায়া ফেলেছে।
যুক্তরাষ্ট্রের এ ধরনের আইন করার সিদ্ধান্ত থেকে এটি স্পষ্ট যে, পাকিস্তানের আদিবাসী অঞ্চলে আল-কায়েদার দুর্ভেদ্য ঘাঁটি নিয়ে তারা কতটা উদ্বিগ্ন।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থাগুলো ওসামা বিন লাদেনের আল-কায়েদা নেটওয়ার্ক এবং অন্যান্য মুসলিম জঙ্গিদের কাছ থেকে অনবরতই হুমকি পাচ্ছে বলে জানিয়েছে। সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদেশ হলেও জঙ্গি দমনে মুশাররফকে তারা আরও বেশি কিছু করে দেখাতে বলেছে।
১১ সেপ্টেম্বর কমিশনের সুপারিশ বাস্তবায়নে তৈরি করা একটি বিলের অংশ হিসাবেই পাকিস্তানে সাহায্য দেওয়া সংক্রান্ত বিলটি পাস হয়।
এনতুন আইনের আওতায় পাকিস্তান জঙ্গি দমনে অগ্রগতি অর্জন না করা পর্যন্ত সেখানে সাহায্য সরবরাহ স্থগিত থাকবে। বিলে একথা বলা হয়েছে। রয়টার্স একথা জানায়।
এতে বলা হয়, ইসলামাবাদকে জঙ্গি দমনে (আফগানিস্তানে সন্ত্রাসবাদে নিয়োজিত তালেবান, আল-কায়েদা, তাদের উত্তরসূরী বা অন্য যে কোনো সশস্ত্র জঙ্গি) দৃঢ়প্রতিজ্ঞা অবশ্যই দেখাতে হবে। আর এ লক্ষ্য অর্জনে পাকিস্তানকে সামরিক, আইনি, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রচারাভিযান চালানোর পদক্ষেপও নিতে হবে।
উল্লেখ্য, পাকিস্তান এ বছর অর্থনৈতিক এবং সামরিক ব্যয় বাবদ ৭০০ মিলিয়ন ডলার সাহায্য পাচ্ছে। ২০০৮ সালে তাদের আরও ৮০০ মিলিয়ন ডলার সাহায্য পাওয়া কথা। কিন্তু নতুন আইনের ফলে এ সাহায্য বাধাগ্রস্ত হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০০ঘ.
bdnews24