২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা প্রত্যাহারে দ. কোরিয়াকে আরও ২৪ ঘন্টা সময় দিয়েছে তালেবানরা

দক্ষিণ কোরিয়ার ২৩ জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে আফগানিস্তান থেকে দেশটির সেনা প্রকৌশলী ও চিকিৎসকদের প্রত্যাহারে সময়সীমা আরও ২৪ ঘন্টা বাড়িয়ে দিয়েছে তালেবান জঙ্গিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 08:26 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

কাবুল, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ কোরিয়ার ২৩ জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে আফগানিস্তান থেকে দেশটির সেনা প্রকৌশলী ও চিকিৎসকদের প্রত্যাহারে সময়সীমা আরও ২৪ ঘন্টা বাড়িয়ে দিয়েছে তালেবান জঙ্গিরা। তালেবান মুখপাত্র এক বিবৃতিতে জানান, কোরীয় প্রতিনিধি দলের প্রতি সম্মান দেখিয়ে এ সময়সীমা বাড়ানো হয়েছে। তবে দাবি মেনে না নিলে জিম্মিদের একে একে হত্যা করা শুরু হবে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন অপহরণকারীদের কাছে মাথা নত করবে না জার্মানি। "তালেবানরা আরও ২৪ ঘন্টার জন্য সময়সীমা বাড়িয়েছে"। তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসূফ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে এ কথা জানান। ইউসূফ বলেন, "এই ইসলামী রাষ্ট্রটি শান্তিপূর্ণভাবে এ সমস্যা সমাধানের জন্য আগ্রহী এবং এ সময়সীমা বাড়ানোর উদ্দেশ্য হল দক্ষিণ কোরিয়ারের সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছানো এবং দাবি মেনে নিতে কাবুলকে চাপ প্রয়োগ করা।" ইউসূফ আরও জানান,"কোরীয় প্রতিনিধি দলের প্রতি সম্মান দেখিয়েই সময়সীমা বাড়ানো হয়েছে।" দক্ষিণ কোরিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি কাবুলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। জিম্মিদের মুক্তির ব্যাপারে আফগান সরকারের উদ্যোগে স্থানীয় গোষ্ঠীপতিরা অপহরণকারী তালেবান জঙ্গিদের সঙ্গে মধ্যস্থতার চেষ্টা করছেন বলে জানা গেছে। গজনী প্রদেশের কারাবাগ এলাকায় সন্দেহভাজন ৭০ জন অপহরণকারীর একটি দলকে ঘিরে রেখেছে আফগান সেনারা। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে "সৈনারা এলাকাটি ঘিরে রেখেছে, অপহরণকারীদের পালানোর কোনো পথ নেই।" এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়," প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রয়োজন মনে করলেই তারা অভিযান শুরু করবে।" দক্ষিণ কোরিয়ীয় জিম্মিদের মধ্যে নার্স এবং ইংরেজির শিক্ষকসহ মোট ২৩ জন খ্রিস্টান স্বেচ্ছাসেবক ছিলেন। এরা সবাই সিউলের দক্ষিণে বাংডং শহরের 'সায়েমমুল চার্চের' কর্মী। সেনা অভিযানের আশঙ্কা সম্পর্কে তালেবান মুখপাত্র বলেন,"কোনো ধরণের বলপ্রয়োগ জিম্মিদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।" তিনি আরও বলেন যে জিম্মিদের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। ফলে এ ধরনের অভিযানে কোনো লাভ হবে না। বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন," আমরা ব্ল্যাকমেইলারদের কাছে মাথানত করবো না।" আফগানিস্তান থেকে জার্মান সেনা প্রত্যাহরের দাবিতে দুই জার্মান প্রকৌশলীকে অপহরণ করে তালেবানরা। এদের কমপক্ষে একজনকে হত্যার কথা স্বীকার করে নিলেও দ্বিতীয় জিম্মিকে হত্যার বিষয়ে সংশয় প্রকাশ করেছে জার্মানি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএসবি ১৩৫০ ঘ.