ওয়াশিংটন, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে মার্কিন ও ইরাকি বাহিনী, প্রতিপক্ষ গোষ্ঠী এবং বিভিন্ন স্থাপনায় প্রতিদিনের হিসাবে জঙ্গি হামলার মাত্রা বেড়েছে জুন মাসে। ২০০৩ সালের মে মাসের পর ইরাকে প্রতিদিনের হামলার ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এই জুনে। প্রেসিডেন্ট বুশ নতুন করে ইরাকে সেনা বাড়ানোর পর হামলার মাত্রা আরও বেড়েছে। পেন্টাগনের সর্বশেষ জরিপে এ কথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, জুন মাসে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী, ইরাকি নিরাপত্তা বাহিনী, সাধারণ জনসাধারণ এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনার ওপর হামলা হয়েছে ৫,৩৩৫টি।
জুন মাসে মোট হামলার সংখ্যা ২০০৬ সালের সবচেয়ে বেশি সহিংসতার মাস অক্টোবর মে এর চেয়ে সামান্য কম। ওই দুই মাসে গড়ে প্রতিদিন হামলা হয়েছে যথাক্রমে ৫,৪৭২ এবং ৫,৩৬৫। জুন মাস ৩০ দিনের হওয়ায় এখানে প্রতিদিনের হামলার গড় দাাঁড়ায় ১৭৭.৮। অন্যদিকে অক্টোবরের ১৭৬.৫ এবং মে মাসের ১৭৩.১ এর চেয়ে ওই গড় বেশি।
পেন্টাগনের এ পরিসংখ্যান অনুসারে ২০০৩ সালের মে মাসে মার্কিন বাহিনীর ব্যাপক অভিযানের পর এ জুনের হামলার সংখ্যাই সবচেয়ে বেশি। তবে এ বিষয়ে পেন্টাগনের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইরাকে আরও ২৮,০০০ নতুন সেনা মোতায়েন করে বাগদাদের নিরাপত্তা পরিস্থিতি উন্নয়ন এবং জঙ্গি দমন অভিযানে বুশ প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্ত কার্যকরের পর থেকেই জঙ্গি হামলার মাত্রা বাড়লো।
ইরাক থেকে দ্রুত সেনা ফিরিয়ে আনতে কংগ্রেসের চাপের মুখে ইরাক সম্পর্কে একটি বিস্তারিত মূল্যায়ন প্রতিবেদন দাখিলের আগেই পেন্টাগনের এ পরিসংখ্যান পাওয়া গেল। এ সেপ্টেম্বরে ইরাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রায়ান ক্রোকার এবং সেখানে দায়িত্বরত শীর্ষ কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস এর বৈঠকের পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইরাক নীতির পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে হোয়াউট হাউস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএসবি/১৭১৩ ঘ.
bdnews24