২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানহাটেনে পাইপ বিস্ফোরণ, একজন নিহত

যুক্তরাষ্টের নিউইয়র্ক শহরের ম্যানহাটেনে ভূগর্ভস্থ একটি বাষ্প-পাইপ বিস্ফোরণে একজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় ম্যানহাটন এলাকায় রাস্তার নিচে ৮৩ বছরের পুরনো এই পাইপ বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 12:41 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

নিউইয়র্ক, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্টের নিউইয়র্ক শহরের ম্যানহাটেনে ভূগর্ভস্থ একটি বাষ্প-পাইপ বিস্ফোরণে একজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় ম্যানহাটন এলাকায় রাস্তার নিচে ৮৩ বছরের পুরনো এই পাইপ বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। নিউইয়র্কের ব্যস্ততম ৪১ লেক্সিংটন অ্যাভিনিউতে এই বিস্ফোরণে আশপাশের ভবন কেঁপে ওঠে। বাষ্পীভূত এবং হালকা খয়েরী রঙের জলধারা অন্তত ১২০ ফুট উচ্চতায় লাফিয়ে ওঠে। ভয়ে লোকজন পালাতে থাকে। এ দৃশ্য বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ১১ সেপ্টেম্বরের সেই ভয়াবহ হামলার কথা মনে করিয়ে দেয়। ওই এলাকার ক্রিসলার বিল্ডিংয়ে একটি অস্ট্রেলীয় কোম্পাকি কর্মরত মেগ্যান ফ্লেচার বলেন, "আমরা ৪৩ তলা থেকে নেমে এসেছি। ভেবেছি আমরা মারা যাচ্ছি।" নিউইয়র্ক এবং ওয়াশিংটনের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এ বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা নাকচ করে দিয়েছেন। নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ এক সংবাদ সম্মেলনে জানান, বিস্ফোরণে ২০ জন আহত হয়েছে। এদের অনেকেরই জখম গুরুতর। তিনি আরো জানান, সম্ভবত ঠাণ্ডা পানি ঢুকে পড়ার ফলে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা বিশেষ পোশাক পরে উদ্ধার কাজ শুরু করে। তারা বিপদজ্জনক ধাতু বিশেষজ্ঞদের সহায়তায় কাদা অপসারণ শুরু করে। শহরের হাজার হাজার ভবনের উষ্ণতা ও শীতলতা নিয়ন্ত্রণ এই পাইপ দিয়ে লাখ লাখ পাউন্ড বাষ্প সরবরাহ করা হয়। ২৪ ইঞ্চি ব্যাসার্ধের এই পাইপটি লেক্সিংটন অ্যাভিনিউর নিচে ১৯২৪ সালে স্থাপিত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮৩১ঘ.