লন্ডন, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ভূমধ্যসাগরে হারিকেন, সাইক্লোনের মাত্রা বেড়ে যেতে পারে। এতে করে হুমকির মুখে পড়বে জনবসতিবহুল উপকূলীয় অঞ্চলগুলো। ইউরোপীয় এক গবেষকের প্রতিবেদনে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাবের এই পূর্বাভাস দেওয়া হয়েছে। স্প্যানিশ বিশ্ববিদ্যালয়ের গবেষক মিগুয়েল অ্যাঞ্জেল গায়ের্টনার সোমবার রয়টার্সকে বলেন, "এরকম সম্ভাবনার কথা এই প্রথম গবেষণা করে বের হয়েছে"।
বর্তমানে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে কিংবা এর আশেপাশের এলাকায় হারিকেনের উৎপত্তি হয় এবং তা ইউরোপে আঘাত হানে খুব কমই। কিন্তু নতুন গবেষণায় বলা হয়েছে, বিশ্বের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস হারে বাড়তে থাকলে ভূমধ্যসাগরেও এর বিরূপ প্রভাব পড়বে।
গায়ের্টনার বলেন, "আমাদের গবেষণার বেশির ভাগ মডেলেই বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ঝড়ের প্রকোপ বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। আর এর সঙ্গে যদি সমুদ্রস্তরও সমানতালে বাড়তে থাকে তাহলে উপকূলীয় এলকার বসতিগুলোর জন্য তা মারাত্মক ক্ষতি ডেকে আনবে। পাশাপাশি ভূমধ্যসাগরীয় উপকূল -- যেটি বড় ধরনের একটি পর্যটন কেন্দ্র এবং যেখানে লাখ লাখ লোকের বাস-- সেটিও হুমকির মুখে পড়বে।"
হারিকেনের জন্য দায়ী হল উষ্ণ সমুদ্রপৃষ্ঠ, তাপমাত্রা এবং অস্থিতিশীল পারিপার্শ্বিক অবস্থা। অতীতে হারিকেন বা টাইফুন কেবলমাত্র উত্তর আটলান্টিক এবং উত্তর প্রশান্ত মহাসগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে যেখানে সচরাচর টাইফুন হয়না সেসব জায়গাতেও হারিকন বা টাইফুন হচ্ছে। আর একেই সুস্পষ্ট বিপদ সংকেত বলে মনে করছেন গায়ের্টনার।
উল্লেখ্য, ২০০৪ সালে হারিকেন ক্যাটরিনা দক্ষিণ আটলান্টিক থেকে দক্ষিণ ব্রাজিলে আঘাত হানল। গায়ের্টনার বলেছেন," বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। এর প্রভাবে ভূমধ্যসাগরের কোন অংশটি সবচে' বেশি আক্রান্ত হবে তা আগে থেকে নির্দিষ্ট করে বলা অসম্ভব।" তিনি আরও বলেন, "বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য কাজ করে যাওয়ার মধ্য দিয়ে এই ঝুঁকি কমাতে হবে। আর এ মধ্য দিয়েই আমরা ওই বাজে পরিস্থিতি এড়াতে পারব বলে আমি বিশ্বাস করি।"
তিনি বলেন, "এটি অনেক বড় হুমকি। কিন্তু তা এখনও এড়ানোর সময় আছে বলেই আমি মনে করি। গ্রীণহাউস গ্যাস নির্গমণ কমানো গেলেই তা করা সম্ভব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩০ঘ.
bdnews24