ইসলামাবাদ, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসলামাবাদের লাল সমজিদে রক্তক্ষয়ী সেনা অভিযানের পর থেকে পাকিস্তানের একের পর এক বিক্ষিপ্ত জঙ্গি হামলা চলছে। এতে কেবলমাত্র রোববারেই নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে মাত্তা শহরের কাছে রোববার জঙ্গি হামলায় ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১১ জন সেনা এবং ৩ জন বেসামরিক নাগরিক। এর কয়েকঘন্টা পরই 'দেরা ইসমাইল খান' নগরীতে পুলিশ রিক্রুট সেন্টারে আরেকটি হামলায় নিহত হয় ১৮ জন। ক্রমবর্ধমান এই সহিংসতার মধ্যে ওয়াজিরিস্তানের আদিবাসী অঞ্চলের তালেবানপন্থীরা সরকারের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে। সরকার এই চুক্তি লঙ্ঘন করছে বলে তারা অভিযোগ করে।
মাত্তা শহরে হামলার পর রোববার দেরা শহরে পুলিশের চাকরির জন্য লোকজন একটি সেন্টারে পরীক্ষা দিতে আসলে বোমা হামলা হয়। এতে ১৮ জন নিহত হয়। আহত হয় প্রায় ৬০ জন। রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলাকারীর যুগপৎ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান। লাল মসিজেদ সেনা অভিযানের সঙ্গে এসব জঙ্গি হামলার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা।
সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ওয়াহিদ আরশাদ জানিয়েছেন, সোয়াত জেলায় পুলিশ ও আধাসামরিক সেনাদের একটি টহল দলে ওই হামলা চালানো হয়। রাস্তায় পেতে রাখা দুটি বোমা বিস্ফোরণ ঘটে এবং দুই আত্মঘাতী হামলাকারী হামলা চালায় টহল দলটির ওপর। এতে ৩ বেসামরিক লোক নিহত হয়েছেন বলেও তিনি জানান।
আফগান সীমান্তবর্তী ওয়াজিরিস্তানের মিরানশাহ শহরের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ২৪ জন আধাসামরিক সেনার মৃত্যুর ২৪ ঘন্টারও কম সময় আগে এ হামলা চালানো হয়।
শনিবার উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ'র ২০ কিলোমিটার দূরে আধাসামরিক সেনাদের একটি গাড়ি বহরের ওপর ওই হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী হামলাকারী তার বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে সোজা এসে সেনা টহলদলের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে মোট ২৪ সেনাসদস্য নিহত এবং আরও ২৮ জন আহত হন।
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে শনিবার এটি ছিল সেনাদের ওপরে দ্বিতীয়দফা হামলা। এর আগে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের বান্নু শহরে সেনাদের ওপর চালানো হামলায় দুই সেনা কর্মকর্তা নিহত হন।
ওই হামলার সঙ্গে লাল মসজিদের সেনা অভিযানের কোনো সম্পর্ক আছে কি না এমন এক প্রশ্নের জবাবে সেনা মুখপাত্র ওয়াহিদ আরশাদ "তা হতে পারে" বলে মন্তব্য করেন।
নিরাপত্তা বিশ্লেষকরা পাকিস্তানজুড়ে আত্মঘাতী বোমা হামলা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। পাক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ শেরপাও জিও টেলিভিশনে বলেন, " আত্মঘাতী হামলা বন্ধ করা কঠিন।"
এদিকে, ওয়াজিরিস্তানের তালেবানপন্থীদের শান্তিচুক্তি থেকে বেরিয়ে আসাটাকে লাল মসজিদ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় বলে মনে করা হলেও এ ঘটনা পাকিস্তানে ইতমধ্যেই শুরু হওয়া সমস্যায় নতুৃন মাত্রা যোগ করবে বলেই ধারণা করা হচ্ছে। ওই চুক্তি অনুযায়ী, সরকার আফগান সীমান্তে জঙ্গি পাঠানো বন্ধের বিনিময়ে ওয়াজিরিস্তানে জঙ্গি দমন অভিযান বন্ধের প্রতিশ্র"তি দিয়েছিল।
লাল মসজিদের সেনা অভিযানে মোট ৭৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
গত রোববার পেশোয়ারে এক হামলায় তিন চীনা নাগরিককে গুলি করে হত্যা করা হয়। পুলিশ দাবি করেছে ওই হত্যাকাণ্ডের সঙ্গে লাল মসজিদের ঘটনার সম্পর্ক থাকতে পারে।
লাল মসজিদে সেনা অভিযান শুরুর পর থেকে ওয়াজিরিস্তানসহ পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে ৩রা জুলাই থেকে এ পর্যন্ত সেনাদের লক্ষ্য করে চালানো বিভিন্ন হামলায় প্রায় ৯০ জন নিহত হলেন।
উলে
bdnews24