বাগদাদ, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বলেছেন, মার্কিন বাহিনীর কাছ থেকে 'যে কোনো সময়' ইরাকের নিরাপত্তার দায়িত্বভার নিতে প্রস্তুত ইরাকের নিরাপত্তা বাহিনী। তবে ইরাকি পুলিশ ও সেনাদের আরও প্রশিক্ষণ ও উন্নয়ন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। বাগদাদে শনিবার এক সংবাদ সম্মেলনে মালিকি একথা বলেন। ইরাক থেকে শিগগিরই সেনা ফিরিয়ে আনার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে গত সপ্তাহে ভোট অনুষ্ঠিত হওয়ার পরপরই ইরাকি প্রধানমন্ত্রী এসব কথা বললেন।
ইরাকি প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সেনারা যখন চলে যাওয়ার কিংবা সেনাসংখ্যা কমানোর সিদ্ধান্ত নেবেন সেসময় যাতে ভালভাবে নিরাপত্তার দায়ত্ব বুঝে নেওয়া যায় সেজন্য ইরাকি পুলিশ ও সেনাবাহিনীর আরও প্রশিক্ষণ এবং উন্নয়নের বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
মালিকি বলেন,"আমরা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলছি যে, আল্লাহ চায় তো যখন ইচ্ছে আন্তর্জাতিক সেনারা চলে গেলে পুরোপুরি নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবো আমরা।"
ইরাকি নিরাপত্তা বাহিনীতে ৩,৫০,০০০ সেনা ও পুলিশ আছে। কিন্তু মার্কিন কমান্ডাররা সতর্ক করে দিয়ে বলেছেন যে তারা ইরাক ছাড়ার কয়েকমাস আগেই কেবল সহিংসতাপ্রবণ ইরাকি অঞ্চলগুলোর নিরাপত্তার দায়িত্ব বুঝে নিতে পারে ইরাকি বাহিনী।
এছাড়াও মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল পিটার পেস শুক্রবার বলেছেন যে, মার্কিন বাহিনীর সাহায্য ছাড়াই নিরাপত্তার দায়িত্ব পালনে সক্ষম ইরাকি সেনাবাহিনীর এমন ব্যাটেলিয়নের সংখ্যা যুদ্ধের ক্লান্তির কারণে ১০ থেকে কমে ৬ টিতে নেমে এসেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৪৮ঘ.
bdnews24