২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সব রাষ্ট্রীয় তহবিল থেকে বঞ্চিত রাজা জ্ঞানেন্দ্র

নেপালের অন্তর্বর্তী সরকার রাজা জ্ঞানেন্দ্রর সব ক্ষমতা একে একে কেড়ে নেওয়ার পর এবার তার সমস্ত রাষ্ট্রীয় তহবিলও কেড়ে নিল। বৃহস্পতিবার নেপালের বার্ষিক বাজেটে রাজা ও তার পরিবারের জন্য কোনো রাষ্ট্রীয় তহবিল বরাদ্দ দেওয়া হয়নি। ফলে নেপালের এবারের আর্থিক বছরের ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের বাজেট থেকে এক কানাকড়িও পাচ্ছেন না রাজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 03:17 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

কাঠমাণ্ডু, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালের অন্তর্বর্তী সরকার রাজা জ্ঞানেন্দ্রর সব ক্ষমতা একে একে কেড়ে নেওয়ার পর এবার তার সমস্ত রাষ্ট্রীয় তহবিলও কেড়ে নিল। বৃহস্পতিবার নেপালের বার্ষিক বাজেটে রাজা ও তার পরিবারের জন্য কোনো রাষ্ট্রীয় তহবিল বরাদ্দ দেওয়া হয়নি। ফলে নেপালের এবারের আর্থিক বছরের ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের বাজেট থেকে এক কানাকড়িও পাচ্ছেন না রাজা। অথচ এর আগে ২০০৬/০৭ সালে রাজপ্রাসাদের জন্য বাজেটের ৩ দশমিক ১ মিলিয়ন ডলার অর্থ বরাদ্দ ছিল। বাজেট পেশকালে নেপালের অর্থমন্ত্রী রাম শরণ মহৎ সাংবাদিকদের বলেন, "রাজা গত বছর যে মর্যাদা পেয়েছেন সংবিধানের আওতায় তা এখন আর সেরকম নেই। আমি সংবিধানের আলোকেই বাজেট পেশ করেছি।" তবে মহৎ জানান, রাজা কিছু না পেলেও রাজপ্রাসাদের ৭৭৪ জন কর্মচারী সরকারের বিভিন্ন একাউন্ট থেকে তাদের মাসিক বেতন পাবে। বাজেটে নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য ৫৪ মিলিয়ন ডলার অর্থ সংরক্ষিত রেখেছে। এই নির্বাচনেই নির্ধারিত হবে নেপালের রাজতন্ত্রের ভবিষ্যৎ। রাজা যেকোনোভাবে এই নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারেন আশঙ্কায় সরকার ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাজাকে এরকম কোনো পদক্ষেপ নিতে দেখলে আগেভাগেই রাজতন্ত্র বিলুপ্ত করা হবে। সাবেক মাওবাদী গেরিলা ও রাজনৈতিক দলগুলো রাজাকে কোনো অর্থবরাদ্দ না দেওয়ার দাবি জানানোয় সরকার ওই পদক্ষেপ নেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৮ঘ.