র্প্রিস্টিনা, জুলাই ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের কাছে স্বাধীনতার দিন নির্ধারণ করে দেওয়ার আবেদন জানিয়েছে সার্বিয়ার প্রদেশ কসোভো। জাতিসংঘের মাধ্যমে রাশিয়া সার্বিয়া থেকে কসোভোর স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করছে--- এই অভিযোগে যুক্তরাষ্ট্রের কাছে ওই আবেদন জানায় প্রিস্টিনা।
কসোভোর জাতিগত আলবেনীয় প্রধানমন্ত্রী আজিম সেকু বলেন, "কসোভোর স্বাধীনতা প্রশ্নে নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন।" তিনি পুনরায় একতরফাভাবে কসোভোর স্বাধীনতা ঘোষণার ইঙ্গিত দেন।
সেকু বলেন, "রাশিয়ার বিরোধিতার কারণে জাতিসংঘ কসোভোর মর্যাদা নির্ধারণের সিদ্ধান্ত নিতে পারছে না।" কসোভোর সরকারি বেতারে সাপ্তাহিক ভাষণে সেকু একথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ১০ জুনের একটি বিবৃতি তুলে ধরেন সেকু। বুশ বলেছিলেন, "রাশিয়া কসোভোর স্বাধীনতার বিরোধিতা করতে থাকলে পশ্চিমারা আরও তাড়াতাড়ি এ ব্যাপারে ব্যবস্থা নেবে। তখন আমরা বলব হয়েছে, যথেষ্ট হয়েছে।"
সেকু বলেন, "এই যথেষ্ট হয়েছে কথাটি বলতে একটি নির্দিষ্ট দিন থাকা প্রয়োজন। আমাদের একটি সুস্পষ্ট দিনপঞ্জি দরকার। দারকার কসোভোর মর্যাদা নিরূপণী সঙ্কট সমাধানে জন্য একটি সুস্পষ্ট পথ এবং দিন।"
উল্লেখ্য, কসোভোর ২০ লাখ জাতিগত আলবেনীয় ক্রমেই স্বাধীনতা পাওয়ার জন্য অধৈর্য হয়ে উঠছে। ন্যাটো বাহিনী কসোভো থেকে সার্বদের বিতাড়িত করা এবং কসোভো জাতিসংঘের নিয়ন্ত্রণে আসার ৮ বছর পর আলবেনীয়রা এখন স্বাধীনতার জন্য মরিয়া। কিন্তু সার্বিয়ার মিত্র রাশিয়া এর ঘোর বিরোধিতা করছে।
যুক্তরাষ্ট্র এই বিরোধিতার মুখে একতরফাভাবেই কসোভোর স্বাধীনতা ঘোষণার ইঙ্গিত দিয়েছে। কিন্তু জাতিসংঘ প্রস্তাবনার বৈধ ভিত্তি ছাড়া এ পদক্ষেপে সদস্যদেশগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা সম্ভব হবে তিনা তা নিয়ে ইইউ সংশয়ে রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩২ঘ.
bdnews24