২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্রেফতারের বদলে শহীদ হব': লাল মসজিদে অবরুদ্ধ নেতার ঘোষণা

পাকিস্তানের লাল মসজিদে অবরুদ্ধ জঙ্গি নেতা আব্দুল রশীদ গাজী গ্রেফতার এড়াতে তার অনুসারীদের নিয়ে শহীদ হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, "আমরা শহীদ হতে পারি, কিন্তু গ্রেফতার হব না।" তালেবান ঘরানার আন্দোলনের এই নেতা এর আগে তার অনুসারীদের নিয়ে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়ার পাশাপাশি সরকারের কাছে নিরাপদ করিডোরের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। কিন্তু সরকার এ দাবি প্রত্যাখ্যান করার পর গাজী ওই ঘোষণা দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 03:32 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ইসলামাবাদ, (বিডিনিউজ টুযৈন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের লাল মসজিদে অবরুদ্ধ জঙ্গি নেতা আব্দুল রশীদ গাজী গ্রেফতার এড়াতে তার অনুসারীদের নিয়ে শহীদ হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, "আমরা শহীদ হতে পারি, কিন্তু গ্রেফতার হব না।" তালেবান ঘরানার আন্দোলনের এই নেতা এর আগে তার অনুসারীদের নিয়ে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়ার পাশাপাশি সরকারের কাছে নিরাপদ করিডোরের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। কিন্তু সরকার এ দাবি প্রত্যাখ্যান করার পর গাজী ওই ঘোষণা দিলেন। লাল মসজিদের তালেবান ঘরানার আন্দোলনের আটক শীর্ষ নেতা মৌলানা আব্দুল আজিজের ভাই আব্দুল রশীদ গাজী বলেন, "আমরা চাপের কাছে মাথা নত করব না।" সরকার গাজীর নিরাপদ করিডোরের দাবি অগ্রাহ্য করে মসজিদে জিম্মি করে রাখা নারী ও শিশুদের মুক্তি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। মসজিদ থেকে বেরিয়ে আসা এক শিক্ষার্থী জানিয়েছে, বয়স্ক ছাত্ররা কম বয়সী ছাত্রদের মসজিদের ভেতরে থাকতে বাধ্য করছে। আরেক শিক্ষার্থী জানায় মসজিদের ভেতরে খাবার ও পানি ফুরিয়ে আসছে। ভেতরে কয়েকজন আহত ছাত্রও রয়েছে বলে জানায় সে। কর্মকতারা বলেছেন, প্রেসিডেন্ট মুশাররফ নিরাপত্তা সংস্থাগুলোকে ধৈর্য ধরার নির্দেশ দিয়েছেন। হতাহতের ঘটনা এড়াতে তিনি আরও সময় নিয়ে অপেক্ষা করা এবং অভিভাবকদেরকে মাদ্রাসা থেকে ছেলেমেয়েদের নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার কথা বলেছেন। শ'শ' সেনা ও পুলিশ এখনও মসজিদটি ঘিরে রেখেছে এবং পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে। লাল মসজিদে অবরুদ্ধ জঙ্গিরা নারী ও শিশুদের মানব ঢাল হিসাবে ব্যবহার করছে। পাকিস্তান সরকার বৃহস্পতিবার একথা জানিয়েছে। নিরাপত্তা বাহিনী মসজিদের ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের জন্য চাপ সৃষ্টি করায় তারা এই কৌশল নিয়েছে। পাকিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী তারিক আজিম খান বলেছেন, মসজিদ ছেড়ে বেরিয়ে আসা কয়েকজন শিক্ষার্থী মানবঢাল হিসাবে শিশুদের ব্যবহৃত হওয়ার কথা জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে খান বলেন, "সশস্ত্র জঙ্গিরা মসজিদ কক্ষে বহু নারী ও শিশুকে জিম্মি করে রেখেছে।" তিনি আরও জানান, "আটককৃত জঙ্গি নেতা আজিজের ভাই মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসার বেজমেন্টে ২৫ জন নারীকে জিম্মি করে লুকিয়ে আছে।" আজিম বলেন, " হ্যাঁ। তারা মানবঢাল হিসাবে ব্যবহৃত হচ্ছে। মসজিদ ছেড়ে বাইরে বেরিয়ে আসা শিক্ষার্থীরা জানিয়েছে, জঙ্গিরা জিম্মিদের উদ্বিগ্ন হতে মানা করছে। নারী ও শিশুদের তারা বলছে, উদ্বিগ্ন হবেন না। কারণ, আপনারা যতক্ষণ এখানে আছেন ততক্ষণ নিরাপত্তা বাহিনী আমাদের আক্রমণ করবে না।" এর আগে লাল মসজিদের তালেবান ঘরানার আন্দোলনের শীর্ষ নেতা মৌলানা আব্দুল আজিজ বোরখা পরে পালানোর সময় আটক হন। তিনি জানান, "মাদ্রাসা ছাত্রদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে না।" আটক হওয়ার পর টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "সেখানে এখনও যারা আছেন তাদের উচিৎ পালানো কিংবা আত্মসমর্পণ করা।" বুধবার সন্ধ্যায় একদল মাদ্রাসা ছাত্রীর সঙ্গে বোরখা পরে পালানোর সময় আটক হন আজিজ। লাল মসজিদের নেতা আব্দুল আজিজকে টেলিভিশন সাক্ষাৎকারের জন্য হাজির করা হয় বোরখা পরিহিত অবস্থাতেই। নাটকীয়ভাবে মুখের ওপরের কালো নেকাব সরিয়ে তিনি কথা বলা শুরু করেন টিভির পর্দায়। লাল মসজিদের ভেতরে থাকা মাদ্রাসা ছাত্রছাত্রীদের সম্পর্কে হাস্যোজ্বল মুখে আজিজ বলেন,"তাদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে না।" আজিজ জানান, "মসজিদের ভেতরে এখনও ৮৫০ জন ছাত্র এবং ৬৫০ জন ছাত্রী আটকা পড়ে আছে।" কিন্তু এদের প্রায় সবাইকেই নিরস্ত্র দাবি করে তিনি বলেন," মাত্র ১৪ জনের কাছে কালাশানিকভ রাইফেল রয়েছে।" বর্তমান অবস্থায় ছাত্রছাত্রীদের লাল মসজিদ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আজিজ। তিনি বলেন,"এখন মসজিদের ভেতরে ছাত্রছাত্রীদের থাকার মানে শুধু শুধু ক্ষতির শিকার হওয়া, তাদের উচিৎ পারলে পালানো কিংবা আত্মসমর্পণ করা।" লাল মসজিদকে ঘিরে সংঘর্ষে মঙ্গলবার থেকে এ পর্যন্ত ১৬ জন নিহত হয় এবং বুধবার কয়েকশ মাদ্রাসা শিক্ষার্থী আত্মসমর্পণ করে। কিন্তু তৃতীয় দিনেও অচলাবস্থা বিরাজ করায় বৃহস্পতিবার ভোররাতে সেখানে কয়েকদফা বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোঁড়ে সেনারা। আত্মসমর্পণের জন্য চাপে রাখতে এসব হুঁশিয়ারিমূলক বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান নিরাপত্তা কর্মকর্তারা। কিন্তু বৃহস্পতিবার সকালে মসজিদের ভেতর থেকে মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রী বেরিয়ে এলেও দুপুরের সময়সীমা পেরিয়ে গেলেও আত্মসর্পণ করেনি ভেতরে থাকা ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সকালে ওই মাদ্রাসা থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের একজন ১২ বছর বয়সী মারিয়া হাবিব। তার চাচা তাকে নিয়ে যেতে এসেছিল। বাড়ি ফেরার সময় হাবিবা রয়টার্স প্রতিবেদককে বলেছে, মসজিদের ভেতরে এখনও তার বয়সী ৩৫ থেকে ৪০ জন ছাত্রী রয়ে গেছে। এদিকে বৃহস্পতিবারে বেরিয়ে আসা আরেক নারী রয়টার্স টিভিকে বলেছেন, মাদ্রাসার ভেতরে দুই নারীসহ মোট চারটি লাশ পড়ে থাকতে দেখেছেন তিনি। এদিকে, হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যার গোলাগুলিতে আরও একজন নিহত হয়েছেন। গোয়েন্দা সূত্রগুলোও এক ছাত্রের নিহত হওয়ার কথা নিশ্চিত করলেও আর কোনো হতাহতের কথা জানাননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৭ ঘ.