২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যের দেশগুলোর 'দুর্নীতিগ্রস্ত' সরকার উৎখাতের আহ্বান জাওয়াহিরির

আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি মুসলিমদেরকে 'জিহাদে ঐক্যবদ্ধ' হওয়ার ডাক দেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের 'দুর্নীতিগ্রস্ত' দেশগুলোর সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদের উৎখাত করার আহ্বান জানিয়েছেন। একটি ইসলামপন্থী ওয়েবসাইটে বুধবার এক নতুন ভিডিওতে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 09:05 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

নিউইয়র্ক, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি মুসলিমদেরকে 'জিহাদে ঐক্যবদ্ধ' হওয়ার ডাক দেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের 'দুর্নীতিগ্রস্ত' দেশগুলোর সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদের উৎখাত করার আহ্বান জানিয়েছেন। একটি ইসলামপন্থী ওয়েবসাইটে বুধবার এক নতুন ভিডিওতে তিনি এ আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম সরকারের কঠোর সমালোচনা করেন জাওয়াহিরি। 'সৌদি রাজ পরিবারের দুর্নীতির' তীব্র নিন্দা জানান তিনি। এছাড়া তিনি ইসরায়েলকে তোয়াজ করা ফিলিস্তিনি সরকার এবং মিশরেরও নিন্দা করেন। মিশর সরকারকে যুক্তরাষ্ট্রের মিত্র বলেও মন্তব্য করেন তিনি। যেসব মুসলিমরা 'ইরাক ইসলামী প্রজাতন্ত্রকে' মেনে নিচ্ছে না তাদের তীব্র নিন্দা জানিয়ে জাওয়াহিরি বলেন, 'খিলাফত' প্রতিষ্ঠার জন্য ইরাকের ইসলামী প্রজাতন্ত্র অত্যন্ত প্রয়োজনীয়। ইরাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে আল-কায়েদার সাফল্য দাবি করে জাওয়াহিরি বলেছেন,"আল্লাহর রহমতে এখন সেখানে ওয়াশিংটনের বিরুদ্ধে বাতাস বাইছে।" ইরাকে মুজাহিদীনদের ঐক্যবদ্ধ্য হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,"ইরাকের ইসলামী খিলাফতের এবং জিহাদের মুজাহিদরা ধীরে ধীরে বিজয়ের দিকে অগ্রসর হচ্ছে।" তিনি বলেন,"ইরাকে আমাদের প্রিয় ভাইদের যে জিনিসটি খুব ভাল করে বুঝতে হবে তা হল ঐক্যের জটিল প্রকৃতি।" ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য মুসলিমদের প্রস্তুত হয়ে দুর্নীতিগ্রস্ত মুসলিম সরকারগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান। 'আফগানিস্তান, ইরাক ও সোমালিয়ার মতো জিহাদের ময়দানে' সবাইকে জড়ো হওয়ারও আহ্বান জানান জাওয়াহিরি। ইসলামপন্থীদের বিভিন্ন ওয়েবসাইট পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা 'এসআইটিই ইন্সটিটিউট' জাওয়াহিরির বক্তব্যের একটি লিখিত রূপ প্রকাশ করেছে। আল কায়েদার মিডিয়া শাখা 'সাহাব' ৯৫ মিনিটের ওই ভিডিওটি প্রকাশ করেছে। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট না হলেও ওই ভিডিওচিত্রে আরবী যে মাসের নাম বলা হয়েছে তাতে তা জুনের মাঝামাঝি সময় থেকে জলাই মাসের মধ্যে হওয়ার কথা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪২০ ঘ.