ক্যানবেরা, জুলাই ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লন্ডন ও স্কটল্যান্ডে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে অস্ট্রেলিয়া থেকে এক ভারতীয় ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওই ডাক্তার দেশ ত্যাগ করার চেষ্টাকালে তাকে আটক করা হয়। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডও এ খবর নিশ্চিত করে বলেছেন, আটককৃত ব্যক্তি একজন ভারতীয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ নিয়ে এ ঘটনায় মোট ৮ জন গ্রেফতার হল। তার মধ্যে ৩ জনই ডাক্তার।
ব্রিসবেন বিমানবন্দরের হাসপাতাল রেজিস্ট্রার আটকের এই ঘটনা তদন্তের আন্তর্জাতিক ক্ষেত্র বিস্তৃত করেছে। গ্রেফতারকৃত ৮ জনই লন্ডনে শুক্রবার দুটো গাড়ি বোমা বিস্ফোরণের পরিকল্পনা এবং শনিবার গ্লাসগো বিমানবান্দরে হামলা পরিকল্পনায় জড়িত ছিল।
তবে হাওয়ার্ড বলছেন, "ব্রিসবেন থেকে যে ভারতীয়কে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাকে গ্রেফতারও করা হয়নি। পুলিশ তাকে সাধারণভাবেই জেরা করছে।" ওই ভারতীয় কুইসল্যান্ডে স্বাস্থ্য অধিদপ্তরের সাময়িক ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন।
এর আগে কুইসল্যান্ডের প্রাদেশিক প্রধানমন্ত্রী পিটার বিয়েট্টি বলেছিলেন, লন্ডনের ঘটনায় ২৭ বছর ওই ভারতীয়ের যোগসাজশ আছে। সে লিভারপুল থেকে হাসপাতালের রেজিস্ট্রারের কাজ নেয়। ব্রিটেনে ৭ জনকেই লিভারপুল থেকে আটক করা হয়েছে। ওই হাসপাতালের আরেকজন কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও হামলার ঘটনায় তার জড়িত থাকার কোনো আলামত পাওয়া যায়নি।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ হলেও এদেশের মাটিতে বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা কখনও হয়নি। অস্ট্রেলিয়ার গবেষকরা এদেশের মাটিতে ৩ হাজার মুসলিম যুবকের জিহাদি সেলের অস্তিত্ব থাকা এবং এগুলো মুসলিম পন্ডিতদের লক্ষ্যস্থল হয়ে ওঠার কথা জানানোর পর অস্ট্রেলিয়ায় পুলিশের তল্লাশি অভিযান শুরু হয়।
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, লন্ডন ও স্কটল্যান্ডের ঘটনায় জড়িত সন্দেহে আটক অন্যান্য ডাক্তাদের নাম হচ্ছে, বিলাল আবদুল্লাহ, মোহাম্মদ আসহা, আসহার স্ত্রীকেও পুলিশ গ্রেফতার করেছে।
লন্ডনের সন্ত্রাসবিরোধী অভিযানের প্রধান পিটার ক্লার্ক বলেছেন, হামলার হুমকি সৃষ্টিকারী সন্দেহভাজন সন্ত্রাসী চক্রের সন্ধানলাভের কাজ দ্রুতগতিতে এগুচ্ছে। ঘণ্টায় ঘণ্টায় আমরা নতুন নতুন সব তথ্য পাচ্ছি। শনিবার পুলিশ গাড়ীর এক যাত্রী এবং মারাত্মকভাবে দগ্ধ হওয়া ড্রাইভারকে গ্রেফতার করে। একইদিনে গ্লাসগো বিমানবন্দরের শহরতলীর একটি বাড়ীতে পুলিশ তল্লাশি চালায়। এলাকার অধিবাসীরা জানান, ওই বাড়ীতে দুজন এশীয় বাস করছে মাত্র দু সপ্তাহ আগে থেকে ।
গ্রেফতারকৃত অন্যদের মধ্যে একজনের বয়স ২৬ এবং আরেকজনের বয়স ২৭। ইংল্যাণ্ডের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। লিভারপুল থেকে ২৬ বছর বয়সী একজনকে পুলিশ গ্রেফতার করে। গোয়েন্দা কর্মকর্তারা গ্লাসগো বিমানবন্দরে ঢোকা জীপটির গতিপথ বের করার চেষ্টা করছেন। ফলে জীপটি কোথা থেকে এসেছে এবং কোথা থেকে এতে পেট্রোল ভরে নেওয়া হয়েছে সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত নয়।
স্কটল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর গ্লাসগোর কাছে রোববার বাড়ীতে বাড়ীতে তল্লাশি চালিয়েছে ব্রিটিশ পুলিশ। ওদিকে, গ্লাসগোর পুলিশ সাদা পোষাক পরে বিমানবন্দরের কাছে অসংখ্য বাড়ীতে তল্লাশি চালিয়েছে। লন্ডনে দুটো শক্তিশালী বোমা উদ্ধারের ৩৬ ঘন্টা পরই গ্লাসগো বিমানবন্দরে গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ট্যাক্সি চালক ক্রসবি জানান, একটি সবুজ চেরকি জীপ বিমানবন্দর টার্মিনালের সামনের কাঁচের দরজায় সজোরে আঘাত করার পরপরই বিষ্ফোরণ ঘটে। এরপরই গাড়ী থেকে এক এশীয়কে লাফ দিতে দেখা যায়। ওই গাড়ীতে প্রচুর পরিমাণ পেট্রোল ছিল বলে জানান ক্রসবি। ক্রসবি বলেন, "একে সন্ত্রাসী হামলা বলেই মনে করছি আমি।"
আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, গাড়ীর ভেতরের লোকজন গাড়ী নিয়ে দরজা ভেদ করে বিমানবন্দরে ঢুকে পড়ার পরপরই এটির বিস্ফোরণ ঘটাতে দাহ্য পদার্থ ঢেলে গাড়ী জ্বালিয়ে দেয়। বিস্ফোরিত হয় জ্বলন্ত গাড়ী। এ ঘটনার পর বিমানবন্দর বন্ধ হয়ে যায়।
ব্রিটনে জুড়ে আসন্ন আরও হামলা সম্পর্কে এখনও জনগণকে সতর্ক করে দেওয়া হচ্ছে। ব্রাউন বলেছেন, আমি চাই ব্রিটিশ জনগণ সতর্ক থাকুন এবং পুলিশ ও কর্তৃপক্ষকে সহযোগিতা করুন। আমি ,মনে করি জনগণ একতাবদ্ধ থাকবেন। এদিকে, গ্লাসগোর পুলিশ কর্মকর্তা উইলি রায়ে বলেছেন, "লন্ডনে শুক্রবারের বোমা উদ্ধার ঘটনার সঙ্গে এর যোগসূত্র আছে।"
লন্ডনের পিকাডেলি সার্কাসের পর ট্রাফালগার স্কয়ারেও গড়িতে বোমা পায় পুলিশ। এ ঘটনার রহস্য উদ্ধারে এখনও জোর তদন্ত চলছে। এর পেছনে ইতোমধ্যেই আল কায়েদার হাত থাকার আলামত পেয়েছে পুলিশ। লন্ডন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, "মারত্মক বিস্ফোরণ ক্ষমতা রয়েছে সন্দেহে একটি বোমা উদ্ধার করে পুলিশ। সেটাকে নিষ্ক্রিয় করা হয়।"
বিবৃতিতে বলা হয়, শুক্রবার খুব ভোরে হে'মার্কেটের সামনের রাস্তায় একটি গাড়ি পরীক্ষা করে দেখার জন্য বিস্ফোরক বিশেষজ্ঞ কর্মকর্তাদের ডাকা হয়। মধ্যরাতের দিকে রাস্তার মাঝখানে একটি গাড়ি সন্দেহজনকভাবে দাঁড় করানো অবস্থায় দেখে পুলিশকে তা জানায় মানুষজন। পরে স্থানীয় পুলিশের কাছ থেকে খবর পেয়ে ভোরের বিস্ফোরক বিশেষজ্ঞ কর্মকর্তারা সেখানে যান। অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে স্কাই নিউজ জানায়, বোমাটি 'খুবই শক্তিশালী' এবং ওই গাড়িটিতে 'গ্যাস কন্টেইনার' রাখা ছিল। ফলে বোমাটি বিস্ফোরণ ঘটলে তাতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারতো।
লন্ডনে এ ঘটনার তদন্তের মাঝেই ঘটে স্কটল্যান্ডে বিস্ফোরণের ঘটনা। এর জেরে শুধু ব্রিটেনই নয় যুক্তরাষ্ট্রও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুরু করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩২৫ঘ.
bdnews24