২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসে কিভাবে ঠাঁই পাবেন ব্লেয়ার? দ্বিধাবিভক্ত ব্রিটিশ সংবাদমাধ্যম

ব্রিটেনে ১০ বছরের প্রধানমন্ত্রীত্বে একইসঙ্গে অনেক ভালো কাজ করে প্রশংসা কুড়ানো এবং মন্দ কাজের জন্য সমালোচিত হয়ে আগেভাগেই পদত্যাগে বাধ্য হওয়া টনি ব্লেয়ারের নেতৃত্ব বিচারে দু'ভাগ হয়ে গেছে ব্রিটেনের সংবাদমাধ্যমগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 11:09 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

লন্ডন, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফপি)--ব্রিটেনে ১০ বছরের প্রধানমন্ত্রীত্বে একইসঙ্গে অনেক ভালো কাজ করে প্রশংসা কুড়ানো এবং মন্দ কাজের জন্য সমালোচিত হয়ে আগেভাগেই পদত্যাগে বাধ্য হওয়া টনি ব্লেয়ারের নেতৃত্ব বিচারে দু'ভাগ হয়ে গেছে ব্রিটেনের সংবাদমাধ্যমগুলো। ইতিহাসে ব্লেয়ার কিভাবে ঠাই পাবেন? জনগণ তার ভালো নাকি মন্দ কাজগুলো মনে রাখবে? তাকে ভালবাসবে না অপছন্দ করবে--- সামনে চলে এসেছে এ প্রশ্নগুলো । ব্লেয়ারের গুণগান গাইছে বেশ কয়েকটি সংবাদপত্র। আবার অনেক সংবাদদপত্রই তার সমালোচনা করে বলেছে, ব্লেয়ারের বিদায়ে তাদের মোটেও কোনো দু:খ নেই। ব্রিটেনের বহুল প্রচারিত 'দ্য সান ট্যাবলয়েড' তাদের সম্পাদকীয়তে লিখেছে, তাকে ভালবাসুন আর নাই বাসুন--- এই প্রধানমন্ত্রী ১০ বছরে ব্রিটেনকে প্রকৃতই উন্নতির দিকে নিয়ে গেছেন। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তিনিই বদলে দিয়েছেন।" 'দ্য ডেইলি টেলিগ্রাফ' লিখেছে, "ব্লেয়ার এমন একজন নেতা যিনি প্রতিশ্র"তি দিয়েছেন অনেক বেশি কিন্তু কাজ করতে পেরেছেন অনেক কম।" পত্রিকাটি আরও লেখে, "আর কোনো রাজনৈতিক দলের নেতা ব্লেয়ারের মতো এত শক্তিশালী জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেননি। এত জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসেও ব্লেয়ার খামখেয়ালিভাবে সরকার পরিচালনা করেছেন। আর এভাবে তিনি সত্যিকারের পরিবর্তন নিয়ে আসার সুযোগ নষ্ট করেছেন।" তবে মধ্যপ্রাচ্য দূত হিসাবে ব্লেয়ার ভালো করুন-- এ আশা প্রকাশ করেছে টেলিগ্রাফ। 'দ্য ডেইলি মিরর' পত্রিকাও ব্লেয়ারকে এ পদে যোগ্য ব্যক্তি হিসাবে সমর্থন দিয়েছে। তবে এ পদে ব্লেয়ার সঠিক ব্যক্তি কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে পত্রিকাটি। কারণ, ইরাক যুদ্ধে ভূমিকার কারণে ব্লেয়ারের প্রতি আরবদের অনেকেই বিরূপ। মিরর বলছে, প্রেসিডেন্ট বিল ক্লিনটনই এ কাজের জন্য সবচেয়ে যোগ্য লোক ছিলেন। তবে পত্রিকাটি উত্তর আয়ারল্যান্ড সমস্যা সমাধানে ব্লেয়ারের কর্মকুশলতার কথা তুলে ধরে বলেছে, ওই ঘটনায় ব্লেয়ার প্রমাণ করেছেন তিনি অসম্ভব বিষয় নিয়েও আলোচনা চালাতে পারেন। আর এ দক্ষতাকে কাজে লাগিয়ে ব্লেয়ার মধ্যপ্রাচ্য সঙ্কট সমাধানের চেষ্টা নিলে তিনি সত্যিকার অর্থেই ইতিহাসে ঠাঁই করে নিতে পারবেন বলে মিরর মন্তব্য করেছে। 'দ্য টাইমস' পত্রিকা ইরাক যুদ্ধের কারণে মধপ্রাচ্য দূত হিসাবে ব্লেয়ারের বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন হওয়ার বিষয়টি নাকচ করেছে। টাইমস লিখেছে, "ব্লেয়ারের প্রতি বড় বড় শক্তিধর দেশগুলোর আস্থা আছে। আর ব্লেয়ারও মাঠ পর্যায়ের মধ্যপ্রাচ্য সঙ্কটের সঙ্গে পরিচিত। তাছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট দুজনই তার সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আর একারণেই ব্লেয়ার এ পদে যোগ্য লোক।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৭ঘ.