কাঠমান্ডু, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালে এ বছর গণপরিষদ নির্বাচনের আগেই রাজতন্ত্র বিলুপ্ত হতে পারে। রাজা জ্ঞানেন্দ্র তার ভাগ্য নির্ধারণী এই ভোটে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর চেষ্টা নিলে রাজতন্ত্র বিলোপের পদক্ষেপ নেওয়া হতে পারে। নেপালের কর্মকর্তারা বৃহস্পতিবার একথা বলেছেন।
নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে নভেম্বর কিংবা ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। নেপালের রাজতন্ত্র আদৌ প্রয়োজন আছে কিনা এ নির্বাচনেই তা নির্ধারিত হবে।
নেপালি পার্লামেন্টের স্পিকার শুভাসচন্দ্র নেমওয়াং রয়টার্সকে বলেন, "গণপরিষদ নির্বাচনে রাজা বাধা দেওয়ার চেষ্টা করলে পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে রাজতন্ত্র বিলুপ্ত করা হতে পারে।"
নেমওয়াং আরও বলেন, "মাওবাদীদের নিয়ে গঠিত অন্তর্বর্তী পার্লামেন্ট বুধবার খসড়া সংবিধান পরিবর্তন করে পার্লামেন্ট সদস্যদের নেপালে বহু বছরের পুরোনো রাজতন্ত্রের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে একমত হয়েছে।"
উল্লেখ্য, রাজা জ্ঞানেন্দ্র ২০০৫ সালে সর্বময় ক্ষমতা দখলের পর থেকেই নেপালে রাজতন্ত্রের জনপ্রিয়তায় ধ্বস নেমেছে।
ব্যাপক গণবিক্ষোভের মুখে গত বছর রাজা পদত্যাগ করতে বাধ্য হন। এরপর মাওবাদীদের নিয়ে গঠিত নেপালের বহুদলীয় সরকার একে একে রাজার প্রায় সব ক্ষমতাই কেড়ে নিয়েছে।
পদত্যাগের পর থেকে রাজার গন্ডি তার প্রাসাদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়লেও নেপালের কোনো কোনো রাজনীতিবিদ এবং মাওবাদীদের আশঙ্কা, রাজা কিংবা তার সমর্থকরা ভোটে বাধা দেওয়ার চেষ্টা করতে পারেন।
নেপালে নির্বাচন এ মাসেই হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে আরও কিছুদিন সময় চেয়েছে। ফলে পিছিয়ে গেছে নির্বাচন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৫ঘ.
bdnews24