ভ্যাটিক্যান সিটি, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিশ্বব্যাপী অপহরণের শিকার সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। ফিলিপাইনে মুসলিম জঙ্গিরা রোববার এক ইতালীয় পুরোহিতকে অপহরণ করার পর পোপ এ আহ্বান জানালেন।
সেন্ট পিটার্স স্কয়ারে রোববারের নিয়মিত প্রর্থনা সভায় পোপ এ আহ্বান জানান। দক্ষিণ ফিলিপাইনে ফাদার কার্লো বোসি অপহরণ হওয়ার কয়েক ঘন্টা পর এ আহ্বান জানান তিনি। সেন্ট পিটার্স স্কয়ারে রোববারের সাপ্তাহিক প্রার্থনায় পোপ বলেন, "আমি ঘন ঘন লোকজনকে সাহায্য করার অনুরোধ পাই। তাদের মধ্যে আছেন ক্যাথলিক পুরোহিতরা। যারা বিশ্বের বিভিন্ন স্থানে নানা কারণে অপহৃত হয়েছেন।"
পোপ আরও বলেন, "তাদের অনুরোধ আমার হৃদয়ে আলোড়ন তোলে। আর আমি তাদের জন্য প্রার্থনা করি। এ ধরনের ভয়াবহ অপহরণের কাজ যারা করছেন তাদের কাছে আমার হৃদয়াগ্রাহী আবেদন, তারা যেন এই অপরাধের কথা বিবেচনা করে সব জিম্মিকে তাদের প্রিয়জনদের কাছে ফিরিয়ে দেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৩ঘ.
bdnews24