২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটা এ ধরনের দ্বিতীয় হত্যাকাণ্ড বলে কর্মকর্তারা বুধবার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 11:40 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

কাবুল, জুন ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটা এ ধরনের দ্বিতীয় হত্যাকাণ্ড বলে কর্মকর্তারা বুধবার জানান। জাকিয়া জাকি নামে ওই সাংবাদিক একজন স্পষ্টভাষী ও সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। তাকে আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে হত্যা করে এক বন্দুকধারী। তিনি পারোয়ান প্রদেশের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। পশ্চিমা প্রচারমাধ্যমের অর্থায়নে স্থাপিত একটি বেসরকারি রেডিও চালাতেন তিনি। স্থানীয় কমান্ডাররা তার কাছে একাধিকবার রেডিও স্টেশনটি বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছিল। নয়তো তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানান দেশটির স্বতন্ত্র সাংবাদিকের সংগঠন আফগানিস্তানস ইনডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান রহিমুল্লাহ সমনদার। রয়টার্সকে তিনি বলেন, "জাকিয়া মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করতেন। সে কারণেই তাকে হত্যা করা হলো।" কর্তৃপক্ষ জানিয়েছে, জাকিয়ার হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। গত শুক্রবার একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পরিবেশনকারী সাঙ্গা আমাচকে হত্যা করা হয়। তাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। ২০০১ সালে তালেবানদের পতনের পর থেকে আফগানিস্তানে প্রচারমাধ্যম দ্রুত বেড়ে উঠছে। দেশটিতে এখন বিদেশি অর্থে কয়েক ডজন রেডিও ও টিভি চ্যানেল আছে। এগুলোতে মূলত পরিবেশ ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারিত হয়। তবে অত্যন্ত রক্ষণশীল দেশটিতে এসব অনুষ্ঠান ভালো চোখে দেখা হয় না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৭৩১ ঘ.