সিউল, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/রয়টার্স)- এ বছরের শেষ নাগাদ ইরাক থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা পুনর্বিবেচনা করে দেখছে দক্ষিণ কোরিয়া। রাষ্ট্র পরিচালিত একটি নীতি নির্ধারণী বিষয়ক পরামর্শ দাতা প্রতিষ্ঠান ইরাকে দীর্ঘ সেনা উপস্থিতি দেশের স্বার্থেই প্রয়োজন বলে জানানোর পর দক্ষিণ কোরিয়া সেখানে সেনা মোতায়েন রাখার বিষয়টি আবার ভেবে দেখছে।
এ বছরের শেষ নাগাদ ইরাকে সেনা মোতায়েন রাখার সিউল পার্লামেন্টের অনুমোদন শেষ হয়ে যাওয়ার কারণেই দক্ষিণ কোরিয়া সেনা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, ইরাকে সেনা সংখ্যার দিক দিয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থান তৃতীয়।
দক্ষিণ কোরিয়ার সরকার পরিচালিত পরামর্শদাতা ওই প্রতিষ্ঠান এক প্রতিবেদনে লিখেছে, "ইরাকে যত বেশি সময় ধরে সেনা মোতায়েন রাখা যাবে দক্ষিণ কোরিয়ার ফার্মগুলো ব্যবসায় তত বেশি কন্ট্রাক্ট পাবে।"
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা তাৎক্ষণিকভাবে এ ধরনের কোনো প্রতিবেদন পাওয়ার ব্যপারে নিশ্চিত করে কিছু বলতে না পারলেও তিনি জানিয়েছেন, "মন্ত্রণালয় এখনও ইরাকে সেনা মিশন শেষ করার জন্য জুনে সংসদে একটি প্রস্তাব পেশ করবে বলে পরিকল্পনা করে রেখেছে।"
২০০৪ সালে মিশনের শুরুতে ইরাকে দক্ষিণ কোরিয়ার সেনা সংখ্যা ছিল ৩ হাজার ৬শ, এ বছরের শেষ নাগাদ সেনা প্রত্যাহারের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সিউল সেনা সংখ্যা অবিলম্বে ১২শ' তে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।
ইরাকের প্রধানমন্ত্রী নুরী আর মালিকি এপ্রিলে সিউল সফরের সময় বলেছিলেন, ইরাকের সেনাবাহিনী ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি এলাকার নিরাপত্তার দায়িত্ব হাতে নিলেই দক্ষিণ কোরিয়া ইরাক থেকে সেনা প্রত্যাহার করতে পারে। প্রসঙ্গত এ অংশে দক্ষিণ কোরিয়ার সেনা মোতায়ন করা রয়েছে।
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের আইনজীবীরাসহ অন্য আরও কয়েকজন আইনজীবি ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার দাবি করেছেন।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/জেডি/এলকিউ/০৪৫৮ঘ.
bdnews24