ব্যাঙ্কক, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) ------ থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রা ও তার থাই রাক থাই পার্টির প্রায় ২ হাজার কর্মী-সমর্থক দল ও নেতার ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে বৃহস্পতিবার ব্যাংককের রাস্তায় বিক্ষোভ করেছে। 'তারা গণতন্ত্র প্রতিষ্ঠা পাক', 'থাকসিনকে ফেরত চাই' দাবিতে স্লেগান দেয়। রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছর থাকসিনকে উৎখাতকারী জেনারেলদের বিরুদ্ধেও স্লোগান দেয় তারা। এ বিক্ষোভের মধ্য দিয়ে থাইল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতিতে আরও বেশি অস্থিতিশীলতার হুমকি সৃষ্টি হল।
বিক্ষোভ-সমাবেশের আয়োজক ও থাকসিনের পার্টির সাবেক মুখপাত্র জাতুপর্ন প্রমপান বলেন, " থাই রাক থাই পার্টি নিষিদ্ধ হলেও আমরা দলকে এখনও ভালোবাসি। সাংবিধানিক ট্রাইব্যুনাল এই পার্টিকে গণতন্ত্রের প্রতি বৈরিতার অভিযোগে এই পার্টিকে নিষিদ্ধ করেছে। কিন্তু নির্বাচিত সরকারকে যারা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যূত করেছে তাদের বিরুদ্ধে কে রায় দেবে?"
এর আগে থাকসিন সিনাবাত্রা তার থাই রাক থাই দল বিলুপ্ত করা এবং তার ওপর আরোপিত রাজনৈতিক নিষেধাজ্ঞা মেনে নিতে সমর্থকদের প্রতি আহ্বান জানান। কিন্তু এ অহ্বান উপেক্ষা করেই বৃহস্পতিবার বিক্ষোভে রাস্তায় নামে তার সমর্থকরা।
বুধবার দেশটির একটি আদালত থাই রাখ থাই দল বিলুপ্ত ঘোষণা করে এবং পাঁচ বছরের জন্য এর শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করে।
গত সেপ্টেম্বর মাসে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন থাকসিন। ব্যাংককে নিজের আইনজীবীর মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে থাকসিন অভ্যুত্থানকারীদের সংগঠন কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটির (সিএনএস) প্রতি ইঙ্গিত করে বলেন, "দলের নেতা হিসেবে আমি আদালতের রায় মেনে নিয়েছি এবং আমি সিএনএস ও সরকারের কাছে আহ্বান জানাবো যতো শিগগির সম্ভব সাধারণ নির্বাচন অনুষ্ঠানের।"
এদিকে থাই রাখ থাই দলের ভারপ্রাপ্ত নেতা চতুরন চাইস্যাং আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। দলটির বিরুদ্ধে নির্বাচনে কারচুপি সংক্রান্ত দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে ডেমোক্রেট দলকে কোনো ধরনের অপতৎপরতার অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে।
থাকসিনের ওপর পাঁচ বছরের রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং তার দল বিলুপ্ত করায় আগেই সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন থাকসিনের সমর্থকরা। এ রায়ের ফলে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ব্যাঙ্ককে বিক্ষোভ মোকাবেলায় বৈঠক করেছেন পুলিশ ও শহর প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে চাইস্যাং রয়টার্সকে বলেন, "আমরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য আইনের আশ্রয় নেব।"
২০০৫ সালে নিরঙ্কুশ বিজয় পাওয়া দলটি এক কোটি ৬০ লাখ ভোট পেয়েছিল জানিয়ে তিনি বলেন, "তাদের প্রচুর সমর্থক আছে এবং তারা এ রায়ে খুশি নয়।"
"এর অর্থ হলো, অভ্যুত্থানবিরোধী ও সরকারবিরোধী বিক্ষোভ জোরদার হবে।"
থাকসিন দেশের প্রত্যন্ত অঞ্চলে ও শহরে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খুবই জনপ্রিয়। এদের ভোটেই ২০০১ সালে অনুষ্ঠিত নির্বাচনে দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা পায় থাই রাখ থাই দল।
আদালতের রায় প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুখুম নুয়ালসকুল বলেন, "এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ধরে নেওয়া হতে পারে। আমার মনে হয়, অভ্যুত্থানবিরোধীরা আরও সংহত হবে এবং এর ফলে নতুন সংবিধান অনুমোদন কঠিন হতে পারে।"
থাই রাখ থাই দলের ১১১ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদের রাজনীতি করার ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপিত হলেও চাইস্যাং বলেন, অভ্যুত্থানকারীরা রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গেসঙ্গেই তারা নতুন নামে আরেকটি রাজনৈতিক দল গঠন করবেন।
সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, "ক্ষমতা দখলকারীরা সমাজে কোনটা ঠিক, কোনটা বেঠিক তা নির্ধারণ করে দিচ্ছে। অথচ তারা ক্ষমতা দখল করেছে বন্দুকের নলের মুখে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/ু১৪১৭ ঘ.
bdnews24