২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মোকাবিলায় নতুন রকেট পরীক্ষা চালাল রাশিয়া

যুক্তরাষ্ট্রের পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবিলায় উন্নত প্রযুক্তির নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 May 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বিরোধের মাঝেই রাশিয়া এ পরীক্ষা চালাল। রাশিয়ার ধারণা যুক্তরাষ্ট্র ওই প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর বিরুদ্ধেই ব্যবহার করবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “মস্কোর ৮০০ কিলোমিটার উত্তরে প্লেসেক কসমোড্রোমে একটি ভ্রাম্যমাণ উৎক্ষেপক থেকে অনেকগুলো ওয়ারহেডবাহী ‘আরএস-২৪’ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এর ঠিক এক ঘন্টা পরই রাশিয়ার ‘স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সেস’ এর কমান্ড জানায়, ক্ষেপণাস্ত্রটি ‘কুরা’ পরীক্ষা এলাকার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

এই আন্তমহাদেশীয় ‘আরএস-২৪’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার ‘স্ট্র্যাটেজিক রকেট ফোর্স’ কে আরও সম্ভাবনাময় বাহিনীতে পরিণত করবে এবং তা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও মোকাবিলা করতে পারবে বলে ফোর্সের কমান্ড এক বিবৃতিতে জানায়।

এর আগে ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমুচিত পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেন। এর মধ্য দিয়ে সাবে স্নায়ুযুদ্ধকালের দুই শত্রু দেশের মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরুর আশঙ্কা দেখা দেয়।