২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের রাজপথে ঘুরে বেড়াচ্ছেন ‘চেয়ারম্যান মাও’!

চীনা বিপ্লবের মহানায়ক মাও সে তুং এর এক অবিকল প্রতিরূপ যদি হঠাৎ চীনের কোনো রাজপথে হাজির হয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন তাহলে থমকে না দাঁড়িয়ে কোনো উপায় নেই।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 May 2007, 03:40 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

সিচুয়ান প্রদেশের বাসিন্দা চেন ইয়ানও এটা জানেন। আর তা জেনেই নিজে নারী হওয়া সত্ত্বেও চেহারার মিল থাকায় অনেকটা নাটকীয়ভাবেই তিনি ‘চেয়ারম্যান মাও’ সাজার সিদ্ধান্ত নেন। খ্যাতিলাভের আশায় মধ্যবয়স্ক এ নারী এখন ‘মাও’ হয়ে বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন। স্বাভাবিকভাবেই তার পেছনে থাকছে উৎসুক জনতার ভীড়।

চেন ইয়ানের বয়স ৫১। ২০০৫ সালে স্থানীয় একটি টিভি শোতে প্রথম মাও-রূপে দেখা যায় চেনকে। সেখানে অবশ্য তাকে হাজির করা হয়েছিল বিভিন্ন সিনেমায় মাওয়ের চরিত্রে অভিনয়কারী এক অভিনেতার ‘প্রতিরূপ’ হিসেবে। মাওয়ের চেহারা, মাওয়ের মতো করে আচড়ানো চুল, পোশাক আশাকে সাজা এক নারীকে টিভিতে দেখে অনেকেই উৎসুক হয়ে উঠেছিলেন তাকে নিয়ে। বেশ সাড়া ফেলেছিল তার ওই টিভি শো।

সেসময় থেকেই মাওয়ের মতো পোশাক পরে ঘুরে বেড়ান চেন। তাকে দেখতে লোকের ঔৎসুক্য দেখে ‘নকল মাও’ সাজতে আরও উৎসাহিত হন তিনি। চেন এর চোয়ালের উচুঁ হাড়, তার চেহারার জাঁদরেল ভাবভঙ্গি, চলনবলন দেখে এক বিউটিশিয়ান তাকে পরামর্শ দেন নিজেকে পুরোপুরি ‘মাওয়ের প্রতিরূপ’ হিসেবে গড়ে তোলার। এ থেকে কিছুটা অর্থকড়ি উপার্জনের সম্ভাবনাও চোখে পড়ে ওই বিউটিশিয়ানের।

এখন মাও সেতুংয়ের স্টাইলে ধূসর ছাইরঙা ‘সান ইয়াত-সেন’ স্যুট পরে দারুণ গাম্ভীর্য নিয়ে মাওয়ের হাবভাবে চীনের বিভিন্ন শহরে ঘুড়ে বেড়চ্ছেন চেন। তাকে দেখে উৎফুল্ল হয়ে উঠছেন অনেকেই, অনেকে এসে তার সঙ্গে ছবি তুলছেন। দিন দিন পরিচিতিও বাড়ছে তার।

কিন্তু এজন্য অনেক কষ্ট করতে হয় চেনকে। মাওয়ের বিখ্যাত এলানো চুলের স্টাইল ঠিক রাখতে মেকআপের পেছনেও তাকে খরচ করতে হয় প্রায় ৮০০ ইউয়ান। মাওয়ের মতো ৫ ফিট ১১ ইঞ্চি লম্বা দেখানোর জন্য তাকে পরতে হয় বিশেষ জুতো।

নিজের আর্থিক দূরবস্থা দূর করতে সম্প্রতি মিডিয়ার দারস্থ হন চেন। তার ভাষায় এ পাবলিক ফটো সেশনের উদ্দেশ্য ছিল জনগণের সমর্থন আদায় এবং একটা ভাল ‘বোঝাপড়া’ তৈরী করা।

নিজের সম্পর্কে বেশি কিছু বলতে নারাজ চেন। তবে জানিয়েছেন, একজন নারী হয়ে পুরুষ মাও সেজে ঘুরে বেড়ানো পছন্দ করছেন না তার পরিবারের লোকেরা। তার আগের পেশা সম্পর্কেও মুখ খোলেননি তিনি। তার ভাষায় “বিখ্যাত না হওয়া পর্যন্ত কিছুই বলবো না আমি।”